বগুড়ায় স্কুলের জমিতে তৈরি ৩০ দোকান ও চার বাড়ি উচ্ছেদ
লিজ নিয়ে নির্মাণ করা এসব স্থাপনা একদিনের নোটিসে উচ্ছেদ করা হয় বলে অভিযোগ মালিকদের।
বগুড়ার শিবগঞ্জ উপজেলার পাইলট স্কুলের জমিতে নির্মাণ করা বাড়ি ও মার্কেট উচ্ছেদ করেছে প্রশাসন। তবে লিজ নিয়ে নির্মাণ করা এসব স্থাপনা একদিনের নোটিসে উচ্ছেদ করা হয় বলে অভিযোগ মালিকদের।
শনিবার সকাল থেকে শিবগঞ্জ থানার সামনে অবস্থিত স্কুল মার্কেটের ৩০টি বেশি দোকান ও চারটি বাড়ি ভেকু দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয় বলে জানান বগুড়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আজাদ হোসেন।
উচ্ছেদ হওয়া জমিতে কার্যক্রম নিষিদ্ধ শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আজিজুল হকের বাসভবন ও ১২টি দোকান, উপজেলা যুবলীগের সভাপতি আব্দুস সাত্তারের বাসভবন ও দুটি দোকান, উপজেলা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সেক্রেটারি হুমায়ুন কবিরের বাসভবন ও দুটি দোকান ছিল।
মালিকরা জানান, প্রায় ৪৮ বছর আগে শিবগঞ্জ পাইলট স্কুলের ম্যানেজিং কমিটির কাছ থেকে বিধি মোতাবেক ৪১ শতক জায়গা লিজ নিয়ে বাড়ি ও মার্কেট নির্মাণ করেন তারা। বাৎসরিক ফি প্রদান করে সেই জমি ভোগদখল করছিলেন তারা।
এর মধ্যে লিজ নেওয়া জায়গায় বহুতল ভবন নির্মাণের অনুমতিও দেওয়া হয় বলে দাবি মালিকদের। সবশেষ ১৪ মে হঠাৎ করে বাড়ি ও মার্কেট অপসারণের নোটিস দেয় স্কুল কর্তৃপক্ষ। আর একদিন পর শুরু করা হয় ভাঙচুর।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আজাদ হোসেন বলেন, “শিবগঞ্জ পাইলট স্কুলের এই জমিটির লিজ শেষ হয়ে গেছে। আমাদের কাছে উচ্ছেদের আবেদন এসেছে, সেই প্রেক্ষিতে আমরা এসেছি।
“আমাদের কাছে যে নথি এসেছে, তা যাচাই করে দেখেছি, সকল নিয়ম স্কুল কর্তৃপক্ষ মেনে এসেছেন। এ জন্য আমরা উচ্ছেদ অভিযানে এসেছি। এখানে কার জায়গা আছে বা কে, এ রকম কোনও পরিচয় আমরা জানি না।”
উচ্ছেদ আবেদনের মূলে জেলা প্রশাসন থেকে অভিযান পরিচালনা করা হচ্ছে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
