২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেরপুরে ৫টি অবৈধ ইটভাটায় অভিযান, ১৭ লাখ টাকা জরিমানা

এ সময় ওই অবৈধ পাঁচটি ইটভাটায় কাঁচা ইট ধ্বংস করা হয়েছে।

শেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Dec 2025, 10:03 AM

Updated : 26 Aug 2026, 05:21 PM

শেরপুর সদর ও শ্রীবরদী উপজেলায় বিভিন্ন অবৈধ ইটভাটায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের যৌথ উদ্যেগে পরিচালিত এ ভ্রাম্যমাণ আদালত পাঁচটি অবৈধ ইটভাটা থেকে মোট ১৭ লাখ টাকা জরিমানা আদায় করে।

বৃহস্পিবার সকাল ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন শেরপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজিব সরকার।

পরিবেশ অধিদপ্তর শেরপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মুহাম্মদ হেদায়েতুল ইসলাম জানান, ভ্রাম্যমাণ আদালত শেরপুর সদর উপজেলার রামকৃষ্ণপুর

এলাকার মেসার্স আল আমিন জিগজ্যাগ ব্রিকস-৩ কে ৩ লাখ ৫০ হাজার টাকা, মোবারকপুর এলাকার মেসার্স আর এইচ অটো ব্রিকস-১ কে ৩ লাখ ৫০ হাজার টাকা, একই এলাকার মেসার্স সাওদা ব্রিকস কে ৩ লাখ ৫০ হাজার টাকা, পূর্বঝিনিয়া এলাকার মেসার্স আল আমিন ব্রিকস-২ কে ৩ লাখ টাকা এবং শ্রীবরদী উপজেলার তেজারকান্দি-ইন্দিলপুর এলাকার মেসার্স মা ব্রিকস কে ৩ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করে তাৎক্ষণিকভাবে আদায় করে। 

তিনি বলেন, অবৈধ পাঁচটি ইটভাটা থেকে মোট ১৭ লাখ টাকা জরিমানা আদায় করাসহ ইটভাটা গুলোতে তৈরি করা কাঁচা ইট ধ্বংস করা হয়েছে। এছাড়াও বিদ্যুৎ সংযোগ বিছিন্ন করা এবং ইটভাটা গুলোর সব কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। 

ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় সেনাবাহিনী, শেরপুর জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এবং জেলা পুলিশের সদস্যরা সার্বিক সহায়তা করেন। 

পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা হেদায়েতুল ইসলাম বলেন, পরিবেশ দূষণ রোধে অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে।