মেঘনায় গোসলে নেমে নিখোঁজ এসএসসি পরীক্ষার্থী
সে ভবেরচর ল্যান্ডভারি স্কুল থেকে এবার এসএসসি পরীক্ষা অংশ নিয়েছে।
মুন্সীগঞ্জের গজারিয়ায় উপজেলায় মেঘনা নদীতে গোসলে নেমে এক এসএসসি পরীক্ষার্থী নিখোঁজ হয়েছে।
রোববার দুপুরে গজারিয়া অংশের মেঘনা সেতুর প্রথম পিলারের কাছে এ ঘটনা ঘটে বলে স্থানীয়দের বরাত দিয়ে গজারিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রিফাত মল্লিক জানান।
নিখোঁজ আলিফ (১৭) গজারিয়া উপজেলার ভবেরচর ইউনিয়নের লক্ষীপুরা গ্রামের প্রবাসী মো. ফয়সাল প্রধানের একমাত্র ছেলে।
সে ভবেরচর ল্যান্ডভারি স্কুল থেকে এবার এসএসসি পরীক্ষা অংশ নিয়েছে।
স্থানীয় লোকজন ও সঙ্গে থাকা আলিফের বন্ধুরা জানান, দুপুরের দিকে নদীতে ভাটা ছিল। বন্ধুরা গোসলে নামে। সাঁতার না জানার কারণে আলিফ তীর ঘেষে দাঁড়িয়ে ছিল। এর মধ্যে বন্ধুদের সহযোগিতা সে সেতুর দ্বিতীয় পিলারের যাওয়ার সময় পানিতে তলিয়ে যায়।
আলিফের নানা আলী আহম্মেদ জানান, আলিফ সাঁতার জানত না। বেলা ১১টার দিকে আলিফসহ ৭/৮ জন বন্ধু মেঘনা নদীর সেতুর নিচে গোসলে নেমে তলিয়ে যায়।
গজারিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রিফাত মল্লিক জানান, ফায়ার সার্ভিসের ডুবুরি দলের উদ্ধার অভিযান পরিচালনা করছে।
এদিকে, একমাত্র সন্তানকে হারিয়ে মা বারবার মুর্ছা যাচ্ছেন; নদীর তীরে স্বজনদের বুকফাটা আর্তনাদ।
