১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

নাটোরে শ্মশান থেকে যুবকের হাত-পা বাঁধা লাশ উদ্ধার, মালামাল চুরি

ভাণ্ডার রুম থেকে কাঁসার পাতিল, গামলাসহ কাঁসা এবং পিতলের প্রায় ৪ মণ মালামাল চুরির কথা জানিয়েছেন শ্মশানের সভাপতি।

নাটোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2024, 05:39 PM

Updated : 26 Aug 2026, 11:10 AM

নাটোরের কেন্দ্রীয় শ্মশান থেকে এক যুবকের হাত-পা বাঁধা মৃতদেহ উদ্ধার করা হয়েছে। চুরি হয়েছে শ্মশানের কাঁসার তৈজসপত্র ও পূজার মালামাল। 

শনিবার সকালে নাটোরের বড় হরিশপুরের কাশিমপুর এলাকায় কেন্দ্রীয় শ্মশান থেকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয় বলে জানিয়েছেন নাটোর সদর থানার পরিদর্শক মাহাবুর রহমান।

নিহত তরুণ দাস (৪৫) শহরের আলাইপুর এলাকার কালী চন্দ্র দাসের ছেলে। 

শ্মশানের সভাপতি সুবল রায় বলেন, “শুক্রবার রাতে অজ্ঞাত সন্ত্রাসীরা মহাশ্মশানে ঢুকে সেবায়েত তরুণ দাসের হাত-পা বেঁধে হত্যা করে ভাণ্ডার রুম থেকে কাঁসার পাতিল, গামলাসহ কাঁসা এবং পিতলের প্রায় ৪ মণ মালামাল চুরি করে নিয়ে যায়।”

তিনি বলেন, তরুণ দাস শ্মশানের নিয়োগপ্রাপ্ত কর্মী ছিলেন না, তবে তিনি শ্মশানে থাকতেন। মাঝে মাঝে পরিষ্কারের কাজ করতেন, বাইরেও ঘুরতেন। 

পুলিশ পরিদর্শক মাহাবুর বলেন, “শ্মশানে হত্যাকাণ্ডের পরে কাঁসার তৈজসপত্র ও পূজার মালামাল চুরির আলামত পাওয়া গেছে। হত্যাকাণ্ডের বিষয়টি তদন্তে রাজশাহী থেকে সিআইডি এবং ক্রাইমসিন ইউনিট এসেছে।”

পুলিশ আসামিদের চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসার জন্য কাজ করছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।