সিরাজগঞ্জে যমুনার পানি বিপৎসীমার উপরে, লোকালয়ে ঢুকছে পানি
আরও দুই থেকে তিন দিন পানি বাড়ার পাশাপাশি স্বল্প মেয়াদি বন্যার আশঙ্কা করছে পাউবো।
যমুনা নদীর পানি সিরাজগঞ্জ পয়েন্টে বিপৎসীমা অতিক্রম করেছে; যা প্রতি ঘণ্টায় দুই সেন্টিমিটার করে বাড়ছে। এ অবস্থায় স্বল্প মেয়াদি বন্যার আশঙ্কা করছে পানি উন্নয়ন বোর্ড-পাউবো।
বৃহস্পতিবার সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত যমুনার পানি ১১ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ১২ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জানিয়েছে পাউবো।
সকালে সংবাদ বিজ্ঞপ্তিতে সিরাজগঞ্জ পাউবো জানিয়েছে, যমুনা নদীর কাজিপুর পয়েন্টে ১৪ সেন্টিমিটার পানি বেড়ে বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এ অবস্থায় যমুনা উত্তাল হয়ে প্রবল স্রোতে ফুঁসে উঠছে।
এ পরিস্থিতিতে সিরাজগঞ্জ সদর, কাজিপুর, বেলকুচি, চৌহালী ও শাহজাদপুর উপজেলার নদীতীরের নিম্নাঞ্চল এবং চরাঞ্চলের লোকালয়ে পানি প্রবেশ করেছে। এসব এলাকার কিছু কিছু বসতবাড়ি পানিতে তলিয়ে যাওয়ায় বাসিন্দারা নিরাপদে আশ্রয় নিচ্ছেন।
এ ছাড়া আরও দুই থেকে তিন দিন পানি বাড়ার পাশাপাশি স্বল্প মেয়াদি বন্যার আশঙ্কা করছে পাউবো।
যমুনায় পানি বৃদ্ধির সঙ্গে সঙ্গে কিছু কিছু এলাকায় ভাঙন দেখা দিয়েছে। কয়েকদিনের ভাঙনে শাহজাদপুর উপজেলার পাচিলসহ আশপাশের এলাকায় শতাধিক বসতবাড়ি নদীগর্ভে বিলীন হয়েছে।
এ ছাড়া কাজিপুর ও চৌহালী উপজেলার কয়েকটি স্থানে নদীতীরে ভাঙনের খবর পাওয়া গেছে।
বন্যা পরিস্থিতি মোকাবিলায় বৃহস্পতিবার সকালে জরুরি সভা করেছে সিরাজগঞ্জ জেলা প্রশাসন।
