২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মৌলভীবাজারে কারখানায় ট্রলি চাপায় নারী কর্মী নিহত

মৃত্যুর খবর গ্রামে ছড়িয়ে পড়লে এলাকাবাসী কারখানায় জড়ো হলে উত্তেজনা দেখা দেয়। এ সময় কারখানাটিতে কর্মরতরা পালিয়ে যান।

মৌলভীবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2025, 01:39 PM

Updated : 26 Aug 2026, 05:14 PM

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি কারখানায় ট্রলি চাপায় নারী কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় এলাকায় বিরাজ করছে উত্তেজনা।

বুধবার সকালে উপজেলার ভূনবীর ইউনিয়নের সরকার বাজারের রশনী পলি ফাইবার কারখানায় এই দুর্ঘটনা ঘটে বলে জানান শ্রীমঙ্গল থানার ওসি আমিনুল ইসলাম। 

নিহত মার্জিয়া বেগম (৪০) ভুনবীর ইউনিয়নের পাত্রীকুল গ্রামের তেপাড়া এলাকার আব্দুল হাসিম মিয়ার মেয়ে। তিনি ওই কারখানায় পরিচ্ছন্নতা কর্মী ছিলেন। 

স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য জসিম উদ্দিন কামাল বলেন, “সকাল ৯টার দিকে কারখানায় পরিচ্ছন্নতার দায়িত্বে ছিলেন মার্জিয়া বেগম। এ সময় পেছন থেকে কারখানার নিজস্ব মালামাল পরিবহনের একটি ট্রলি তাকে চাপা দেয়।

এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। তার মৃত্যুর খবর তার গ্রামে ছড়িয়ে পড়লে এলাকাবাসী কারখানায় জড়ো হলে উত্তেজনা দেখা দেয়। এ সময় কারখানাটিতে কর্মরতরা পালিয়ে যান।”

স্থানীয় এ জনপ্রতিনিধি আরও বলেন, খবর পেয়ে তিনিসহ গ্রামের আরও লোকজন নিয়ে পরিস্থিতি শান্ত করেন।

নাম প্রকাশে অনিচ্ছুক কারখানাটির ঊর্ধ্বতনন এক কর্মকর্তা বলেন, এটি অনাকাঙ্ক্ষিত একটি দুর্ঘটনা। এ ঘটনায় আমরা মর্মাহত। আমরা নিহতের পরিবারের পাশে থাকব।  

তিনি অভিযোগ করে বলেন, ঘটনার পর বেশ কিছু লোক তাদের প্রতিষ্ঠানে ভাঙচুর করেছে।

ওসি আমিনুল ইসলাম বলেন, “এ ঘটনায় স্থানীয় জনতা কিছুটা উত্তেজিত হলে আমরা দ্রুত ঘটনাস্থলে এসে পরিস্থিতি শান্ত করি। পরে নিহত নারীর লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে।”