১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

সিলেটে হামের লক্ষণ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু

সিলেট বিভাগে হাম বা হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২২ জনে।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2026, 02:27 PM

Updated : 11 Sep 2026, 03:48 PM

সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হাম বা হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২২ জনে।

বৃহস্পতিবার সকাল থেকে শুক্রবার সকালের মধ্যে শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতালে শিশু দুটি মারা যায় বলে সিলেট স্বাস্থ্য বিভাগের সহকারী পরিচালক মোহাম্মদ নূরে আলম শামীম জানিয়েছেন।

মারা যাওয়া শিশুদের মধ্যে এক বছর পাঁচ মাস বয়সি ইয়ামিন সিলেট সদর উপজেলার বাসিন্দা নুরুল আমিনের ছেলে। অপর শিশু আট মাস বয়সি আনিসা হবিগঞ্জের বাহুবল উপজেলার আব্দুল মুনিবের মেয়ে।

এদিকে হাম পরিস্থিতি নিয়ে সিলেট স্বাস্থ্য বিভাগের প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার সকাল পর্যন্ত বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ২৯৪ রোগী চিকিৎসাধীন রয়েছেন। আগের ২৪ ঘণ্টায় হাম সন্দেহে আরও ৯৩ জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, সিলেটে এখন পর্যন্ত প্রাণ হারানোদের মধ্যে ছয়জনের ল্যাবরেটরি পরীক্ষায় হামে শনাক্ত হয়েছিল। বাকী ১১৬ জনের মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে।

এছাড়া চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ল্যাবরেটরি পরীক্ষায় সিলেট বিভাগের ৭৮৮ জনের শরীরে হামের সংক্রমণ নিশ্চিত হয়েছে বলে স্বাস্থ্য বিভাগের প্রতিবেদনে বলা হয়েছে।