সিরাজগঞ্জের হুরাসাগর নদীতে হয়ে গেলো নৌকা বাইচ
প্রচণ্ড রোদ উপেক্ষা করে হাজার হাজার মানুষ ঐতিহ্যবাহী এ প্রতিযোগিতা উপভোগ করেন।
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় হুরাসাগর নদীতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার ধুকুরিয়াবেড়া ইউনিয়ন ও ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে শুক্রবার বিকালে এ প্রতিযোগিতা হয়।
লক্ষ্মীপুর, পিড়ার চর ও চরলক্ষ্মীপুর গ্রাম সংলগ্ন হুরাসাগর নদীর প্রায় এক কিলোমিটার এলাকায় জেলার বিভিন্ন অঞ্চল থেকে আসা অর্ধশতাধিক প্রতিযোগী অংশ নেয়।
বাহারি রঙের পোশাক পরে নৌকা মাঝিরা বাইচে নামে। এ সময় বাদ্যযন্ত্রের তালে তালে মাঝিদের ভাটিয়ালী গান আর পানিতে বৈঠার ছলাৎ ছলাৎ শব্দে পুরো এলাকা মুখরিত হয়ে উঠে।
হুরাসাগর নদীর দুপাড়ের দর্শনার্থীরাও মাঝিদের সঙ্গে ‘মারো টান, হেঁইয়োরে হেঁইয়োরে’ সুরে সুর মেলায়। প্রচণ্ড রোদ উপেক্ষা করে হাজার হাজার নারী-মানুষ ঐতিহ্যবাহী এ প্রতিযোগিতা উপভোগ করেন।
প্রতিযোগিতা পরিচালনা করেন সমাজ সেবক শহীদ আলী সরকার এবং দৌলতপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ মাসুদ রানা। বাইচ শেষে সন্ধ্যায় বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন সিরাজগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আব্দুল মমিন মণ্ডল।
নৌকা বাইচ প্রতিযোগিতার প্রধান পৃষ্ঠপোষক এ সংসদ সদস্য বলেন, “গ্রাম বাংলার ঐতিহ্যকে টিকিয়ে রাখতে প্রতি বছর বৃহৎ পরিসরে এ প্রতিযোগিতার আয়োজন করা হবে।”
