১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

হিমেল হাওয়া আর ঘন কুয়াশায় বিপর্যস্ত কুড়িগ্রামের জনজীবন

রোববার সকালে জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে কুড়িগ্রাম আবহাওয়া অফিস।

কুড়িগ্রাম প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Dec 2024, 01:07 PM

Updated : 10 Sep 2026, 12:26 PM

হিমালয় থেকে আসা হাড় কাঁপানো হাওয়া ও ঘন কুয়াশায় জবুথবু হয়ে পড়ছে উত্তরের সীমান্তবর্তী জেলা কুড়িগ্রামের জনজীবন।

মধ্যরাত থেকে সকাল পর্যন্ত বৃষ্টির মতো ঝরছে কুয়াশা। কুয়াশার তীব্রতায় কারণে দিনেও সড়কে যানবাহন চলছে হেডলাইট জ্বালিয়ে ধীরগতিতে।

রোববার সকালে জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছেন কুড়িগ্রাম আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার। 

তিনি জানান, লঘুচাপের কারণে আকাশে মেঘ থাকায় কুয়াশার উপস্থিতি বাড়ছে। সেইসঙ্গে উত্তর থেকে ধেয়ে আসা শীতল বাতাসের কারণে শীতের তীব্রতা বেড়েছে। লঘুচাপ সরে গেলে তাপমাত্রা আরও নিম্নগামী হয়ে শৈত্য প্রবাহ বয়ে যেতে পারে।

এদিকে শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় চরম বিপাকে পড়েছেন দিনমজুর, খেটে খাওয়া ও নিম্ন আয়ের মানুষেরা।

স্থানীয়রা বলছেন, হিমালয়ের নিকটবর্তী সীমান্ত ঘেঁষা এ জেলায় অন্যান্য জেলার তুলনায় শীতের তীব্রতা ও স্থায়িত্ব বেশি থাকে। এবার হিমেল বাতাসের সঙ্গে কুয়াশা ঠান্ডার তীব্রতা বাড়িয়ে দিয়েছে। ফলে সাধারণ মানুষের জীবন ওষ্ঠাগত হয়ে পড়েছে। 

জেলা সদরের হলোখানা ইউনিয়নের হামিদুল বলেন, “তীব্র শীতের কারণে ৪-৫ দিন ধরে ট্রলি চালানো মুশকিল হয়ে পড়েছে। ঠান্ডা বাতাস কাপড় ভেদ শরীরে লাগে। ঠান্ডার কারণে আয়ও কমে গেছে।

পাঁচগাছী ইউনিয়নের কৃষি শ্রমিক আলম মিয়া বলেন, বলেন, “ঠান্ডায় হাত পা অবশ হওয়ার মতো অবস্থা। জমিতে হিম জমে থাকায় কাজ করা খুবই অসুবিধা হচ্ছে। শীতবস্ত্রের অভাবে খুবই কষ্টে আছি।”

জেলা ত্রাণ ও পুনর্বাসন দপ্তরের কর্মকর্তা আব্দুল হাই সরকার জানান, এর মধ্যে শীতার্তদের মধ্যে সরকারিভাবে বরাদ্দের ২৭ লাখ টাকা ও ১২ হাজার কম্বল বিতরণ করা হয়েছে। 

আগের সংবাদ

তীব্র শীতে কুড়িগ্রামের সড়ক-নৌ-রেলপথে চলাচল বিঘ্নিত

শীত জেঁকে বসেছে কুড়িগ্রামে, সংকট শীতবস্ত্রের 

শীতে জবুথবু কুড়িগ্রাম

কুড়িগ্রামের তাপমাত্রা নেমেছে ১২ ডিগ্রিতে, শীতে কাহিল মানুষ