০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

সিরাজগঞ্জে ঈদের দিনে যুবককে হত্যা, কক্সবাজার থেকে বন্ধু গ্রেপ্তার

ঘটনার তিন থেকে চার দিন আগে সেলুনে চুল কাটাকে কেন্দ্র করে শাকিলের সঙ্গে রাকিবের কথাকাটাকাটি হয় বলে জানায় পুলিশ।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2026, 02:55 PM

Updated : 19 Sep 2026, 02:29 PM

সিরাজগঞ্জ সদর উপজেলায় ঈদের দিনে এক যুবককে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় জড়িত সন্দেহে নিহতের এক বন্ধুকে কক্সবাজার থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

সোমবার সকালে সদর থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) হাফিজুর রহমান এ তথ্য জানিয়েছেন।

ঘটনার তিন দিন পর রোববার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কক্সবাজারের চকরিয়া থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান তিনি।

গ্রেপ্তার রাকিব হোসেন (২৫) সদর উপজেলার ছোনগাছা ইউনিয়নের গুপিরপাড়া গ্রামের হায়দার আলীর ছেলে। 

নিহত শাকিল আহম্মেদ (২৩) একই ইউনিয়নের ভুরভুরিয়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।

অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুর রহমান বলেন, বৃহস্পতিবার ছোনগাছা বাজারের চামেলী মোড় এলাকায় শাকিলকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার রাকিব হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

তিনি বলেন, “বেশ কিছুদিন আগে রাকিব দ্রুত গতিতে মোটরসাইকেল চালিয়ে ছোনগাছা বাজার এলাকা দিয়ে যাচ্ছিলেন। এ নিয়ে শাকিল ও তার বন্ধুদের মধ্যে কথাকাটাকাটি হয়। 

“ঘটনার তিন থেকে চার দিন আগে সেলুনে চুলকাটাকে কেন্দ্র করে শাকিলের সঙ্গে রাকিব ও সাব্বিরের কথাকাটাকাটি হয়। এসব ঘটনার জেরে ঈদের দিন সন্ধ্যায় শাকিলের ঘাড়ে ছুরিকাঘাত করে হত্যা করা হয়।” 

এ ঘটনায় শাকিলের ভাই রহমত উল্লাহ বাদী হয়ে ছয় থেকে সাতজনকে আসামি করে মামলা দায়ের করেন।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাজরান রউফ এবং সদর থানার ওসি রাকিবুল ইসলাম উপস্থিত ছিলেন।