২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পঞ্চগড়ে পাম্পে নিবন্ধনহীন বাইককে মামলা, ইউএনওর উপর হামলার অভিযোগ

মেসার্স জান্নাতুন মাওয়া ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে বলে দেবীগঞ্জ থানার ওসি সেলিম মালিক জানান।

পঞ্চগড় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Apr 2026, 07:35 PM

Updated : 26 Aug 2026, 03:29 PM

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় নিবন্ধনহীন ও ড্রাইভিং লাইসেন্স না থাকায় দুটি মোটরসাইকেলের চালককে মামলা দেওয়ার পর তেলের পাম্পে দায়িত্ব পালন করা ইউএনও ও আনসার সদস্যের উপর হামলার অভিযোগ পাওয়া গেছে। 

শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার ভাউলাগঞ্জে অবস্থিত মেসার্স জান্নাতুন মাওয়া ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে বলে দেবীগঞ্জ থানার ওসি সেলিম মালিক জানান। 

পুলিশ জানায়, এদিন সকাল ৯টা থেকে ট্যাগ অফিসার, পুলিশ ও গ্রাম পুলিশ সদস্যদের উপস্থিতিতে তেল সরবরাহ করা হচ্ছিল। পাশের ডোমার উপজেলার চিলাহাটি, বোদা উপজেলার বড়শশী, বগদুলঝুলা এবং দেবীগঞ্জ উপজেলার টেপ্রীগঞ্জ ও চিলাহাটি ইউনিয়নের বাসিন্দারা এই পাম্প থেকে পেট্রোল, অকটেন সংগ্রহ করার ভিড় করেন।

দুপুর সাড়ে ১২টায় তেল সরবরাহ কার্যক্রম পরিদর্শনের জন্য পাম্পে যান দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সবুজ কুমার বসাক। ঘটনাস্থলে পৌঁছেই তিনি ফুয়েল কার্ড, মোটরসাইকেলের নিবন্ধন ও ড্রাইভিং লাইসেন্স নেই এমন চালকদের স্থান ত্যাগ করার নির্দেশ দেন। 

এ সময় দুজন চালকের মোটরসাইকেলের নিবন্ধন ও ড্রাইভিং লাইসেন্স না থাকায় তাদের প্রত্যেককে ৫০০ টাকা করে জরিমানা করেন। এরপরই লাইনে অপেক্ষমাণ ৩০-৪০ জন মোটরসাইকেল চালক হট্টগোল শুরু করেন। ধারণা করা হচ্ছে, তাদের কারোরই মোটরসাইকেলের বৈধ কাগজপত্র ছিল না। তারা ইউএনও ও আনসার সদস্যের দিকে তেড়ে আসেন। 

পরিস্থিতির অবনতি হলে ইউএনওকে এক বাড়িতে সরিয়ে নেওয়া হয়। এ সময় আনসার সদস্য তৈয়বুর রহমানকে কিল-ঘুষি দিয়ে তার সঙ্গে থাকা অস্ত্রটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয় বলে পুলিশ অভিযোগ করে।

খবর পেয়ে দেবীগঞ্জ থানা থেকে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ইউএনওর সিদ্ধান্ত অনুযায়ী তেল সরবরাহ বন্ধ ঘোষণা করেন ওসি।

দেবীগঞ্জের ইউএনও সবুজ কুমার বসাক বলেন, “আজ উপজেলায় তিনটি পাম্পে তেল দেওয়ার কথা ছিল। এই পাম্পে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির খবর পেয়ে সেখানে যাই। লাইনে থাকা কাগজপত্রবিহীন মোটরসাইকেল চালকদের চলে যেতে বলায় এবং দুজনকে জরিমানা করায় শতাধিক লোক মিছিল নিয়ে এসে হামলা চালায় আমাদের ওপর। আমার বডিগার্ডের (আনসার সদস্য) অস্ত্র কেড়ে নেওয়ার চেষ্টা করেছে তারা।”

দেবীগঞ্জ থানার ওসি সেলিম মালিক বলেন, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ওই পাম্পে তেল বিক্রি বন্ধ থাকবে। একই সঙ্গে কারা এ ঘটনায় জড়িত সেই বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।