২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হাদির হত্যাকারীদের গ্রেপ্তার ও দ্রুত বিচার দাবিতে কুমিল্লায় অবরোধ

“আমরা শহীদ হাদীর খুনিদের পরিচয় সব জানতে চাই। কোনো নাটক সাজিয়ে এই খুনিদের পার পাইয়ে দেওয়া যাবে না।”

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Dec 2025, 06:14 PM

Updated : 26 Aug 2026, 05:25 PM

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচার দাবিতে কুমিল্লায় ‘সর্বাত্মক অবরোধ’ কর্মসূচি করা হয়েছে। 

রোববার বেলা ২টা থেকে ইনকিলাব মঞ্চের আহ্বানে কুমিল্লা নগরের পূবালী চত্বরে সড়ক অবরোধ করে এ কর্মসূচি পালন করছে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মী, কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী এবং সাধারণ মানুষ। 

এ সময় ইনকিলাব মঞ্চ কুমিল্লা মহানগরের আহ্বায়ক গোলাম মো. সামদানী বলেন, “আমরা শহীদ হাদীর খুনিদের পরিচয় সব জানতে চাই। কোনো নাটক সাজিয়ে এই খুনিদের পার পাইয়ে দেওয়া যাবে না। আমরা চাই আইনশৃঙ্খলা বাহিনী খুব দ্রুত সময়ের মধ্যে খুনিদের জীবিত গ্রেপ্তার করবে এবং বিচারের মুখোমুখি করবে।”

জাতীয় নাগরিক পার্টি-এনসিপির কুমিল্লা মহানগরের যুগ্ম সমন্বয়ক প্রকৌশলি মু. রাশেদুল হাসান বলেন, “আমি কোনো রাজনৈতিক দলের পক্ষে এ প্রতিবাদ জানাতে আসিনি- শহীদ ওসমান হাদির একজন সমর্থক হিসেবে তার খুনিদের বিচারের দাবিতে এসেছি। জুলাই অভ্যুত্থান পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকার এখনো শহীদ হাদির খুনিদের গ্রেপ্তার করতে পারেনি- এটি তাদের ব্যর্থতা। আমরা চাই দ্রুত সময়ের মধ্যে খুনিরা গ্রেপ্তার হবে এবং বিচারের মুখোমুখি হবে।”

সর্বাত্মক অবরোধে আরও অংশ নেন এবি পার্টি থেকে কুমিল্লা-৬ আসনে মনোনীত প্রার্থী মিয়া মো. তৌফিক। 

কর্মসূচিতে অংশগ্রহণকারীরা ভারতীয় আধিপত্যবাদের কঠোর সমালোচনা করে এর বিরুদ্ধে স্লোগান দেয়।

এদিকে এ কর্মসূচি উপলক্ষে নগরীর পূবালী চত্বরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। 

সমাবেশ শেষে অবরোধ পালনকারীরা জানান, কেন্দ্রীয় কর্মসূচি মোতাবেক কুমিল্লাতে হাদী হত্যার বিচার দাবিতে পরবর্তী কর্মসূচি পালিত হবে।