Published : 14 Jul 2026, 10:25 PM
বৃষ্টি ও জলাবদ্ধতার মধ্যে এইচএসসি পরীক্ষা নেওয়ার প্রতিবাদে শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলনের পদত্যাগ দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন ও বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা।
মঙ্গলবার বিকালে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সামনে বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করেন।
কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীরা ‘দফা এক, দাবি এক, শিক্ষামন্ত্রীর পদত্যাগ’, ‘তুমি কে- আমি কে, ফার্মের মুরগি-ফার্মের মুরগি’, ‘আপস না সংগ্রাম- সংগ্রাম, সংগ্রাম’ ইত্যাদি স্লোগান দেন।
তারা অভিযোগ করেন, বৈরী আবহাওয়ার মধ্যে পরীক্ষা দিতে গিয়ে অনেক পরীক্ষার্থী ভোগান্তিতে পড়েছেন। পাশাপাশি পদার্থবিজ্ঞান বিষয়ের প্রশ্নপত্রে ভুল এবং প্রশ্নের মান নিয়েও অসন্তোষ প্রকাশ করেন তারা।
ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী মুহিমা আক্তার বলেন, “পদার্থবিজ্ঞান পরীক্ষার আটটি প্রশ্নের মধ্যে দুটি ভুল ছিল এবং বাকি প্রশ্নগুলো বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার মত কঠিন।”
কোনো শিক্ষার্থী ফেল করলে এর দায় শিক্ষামন্ত্রী নেবেন কি-না, সেই প্রশ্নও তোলেন তিনি।
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের শিক্ষার্থী তাসিন আরাফাত বলেন, “বৈরী আবহাওয়ার কারণে অনেক পরীক্ষার্থী কেন্দ্রে পৌঁছাতে পারেননি। কেউ কেউ পথে দুর্ঘটনার শিকার হয়েছেন, আবার কারও প্রবেশপত্র বৃষ্টিতে নষ্ট হয়েছে।”
এসব পরিস্থিতির দায় শিক্ষামন্ত্রীর নেওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি।
শিক্ষার্থীরা অভিযোগ করেন, নতুন পরীক্ষা পদ্ধতিতে পর্যাপ্ত প্রস্তুতি ছাড়াই পরীক্ষা নেওয়া হয়েছে। দুই বছর যে পদ্ধতিতে তারা পড়াশোনা করেছেন, সেই পদ্ধতির সঙ্গে পরীক্ষার ধরন মিল ছিল না বলেও দাবি করেন তারা।
মানববন্ধন ও বিক্ষোভে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ, পৌর ডিগ্রি কলেজ, ব্রাহ্মণবাড়িয়া সিটি কলেজ, ইউনাইটেড কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন।