নাটোরে সংঘর্ষে আওয়ামী লীগের দুজন নিহতের ঘটনায় ৫ জন গ্রেপ্তার
এ ঘটনায় নিহতদের পরিবারের পক্ষ থেকে দুটি মামলা করা হয়েছে।
নাটোরের সিংড়া উপজেলায় আধিপত্য বিস্তারের জেরে আওয়ামী লীগের দুপক্ষের হামলায় দুজন নিহতের ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সিংড়া থানার ওসি মো. মিজানুর রহমান সাংবাদিকদের জানান, ঘটনার পরদিন সোমবার রাতে দুজনকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার সুকাশ ইউনিয়নের বামিহাল এলাকার আফসার আলীর ছেলে রবিউল ইসলাম (৩২), গহের আলীর ছেলে আলী হাসান ঠান্ডু (৩৫), মৃত মোহাম্মাদ আলীর ছেলে জুয়েল ওরফে জুলু (৩২), মৃত রইস উদ্দিনের ছেলে হাবিল (২৭) এবং মৃত মহির উদ্দিনের ছেলে নাজিম উদ্দীন (৩২)।
রোববার রাতে বামিহালে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিবাদমান দুপক্ষের সংঘর্ষে ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফতাব হোসেন (৫০) ও অপরপক্ষের আওয়ামী লীগ কর্মী রুহুল আমিন (৪৫) নিহত হন।
এ ঘটনায় নিহত আওয়ামী লীগ নেতা আফতাব উদ্দিনের ছেলে আব্দুল ওয়াহাব বাদী হয়ে ২০ জনের নামে এবং নিহত আওয়ামী কর্মী রুহুল আমিনের ছেলে শাহিন বাদী হয়ে ৪২ জনকে আসামি করে থানায় হত্যা মামলা করেন।
সিংড়া থানার ওসি মিজানুর রহমান মঙ্গলবার বিকালে বলেন, গ্রেপ্তার রবিউল ও নাজিম উদ্দিনের বিরুদ্ধে বিভিন্ন থানায় ১২টি করে মামলা রয়েছে।
বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানান ওসি।
এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানান, বামিহাল এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে সুকাশ ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি ও বর্তমান ইউপি সদস্য ফরিদুল ইসলামের সঙ্গে সাবেক ইউপি সদস্য আফতাব হোসেনের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিলো। এর জেরে রোববার সকাল সাড়ে ৭টায় আফতাবের নেতৃত্বে তার কয়েকজন অনুসারী ফরিদুলের অনুসারী রুহুল আমিন ও আবু মুসার দোসাপাড়ার বাড়িতে হামলা চালায়।
এর কিছুক্ষণ পর রুহুল ও মুসা তাদের লোকজন নিয়ে বামিহাল বাজারে এসে সেখানে থাকা আফতাব ও তার লোকজনের উপর হামলা করে। সারা শরীরে জখম অবস্থায় স্থানীয়রা আফতাবকে উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে জামতলী বাজার এলাকায় তার মৃত্যু হয়।
রুহুল আমিন সোমবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।
আরও পড়ুন:
