রাজবাড়ী-১ আসনে বিএনপির প্রার্থী বাতিলের দাবিতে সড়ক অবরোধ
বিক্ষোভকারীরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আসলাম মিয়ার সমর্থক।
রাজবাড়ী-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী বাতিলের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন দলের কিছু নেতাকর্মী।
রোববার বিকালে সদর উপজেলার গোয়ালন্দ মোড়ে রাজবাড়ী-কুষ্টিয়া এবং ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন নেতাকর্মীরা।
এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। ভোগান্তিতে পড়েন যানবাহন চালক ও যাত্রীরা। প্রায় এক ঘণ্টা পর নেতাকর্মীরা সড়ক ছেড়ে গেলে পরিস্থিতি স্বাভাবিক হয়।
এ সময় কৃষকদলের সহসভাপতি ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আসলাম মিয়ার সমর্থকরা, রাজবাড়ী-১ আসনে দলের প্রার্থী আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের মনোনয়ন বাতিলের দাবি জানান।
বিএনপি কর্মী আলেয়া বেগম বলেন, “আসলাম মিয়া সুখে-দুঃখে আমাদের পাশে আছেন। তিনি ১৭ বছর ধরে আন্দোলন-সংগ্রাম এবং দলের জন্য কাজ করছেন। অথচ তাকে মনোনয়ন দেওয়া হয়নি। আমরা এই আসনে মনোনয়ন বাতিলের দাবি জানাই।”
ছালমা খাতুন নামের আরেক কর্মী বলেন, “আমরা রাস্তায় নেমে এসেছি, যতক্ষণ আসলাম মিয়াকে মনোনয়ন দেওয়া না হবে তত সময় আমরা রাজপথ ছাড়বে না।”
একই দাবির কথা বলেন সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আবুল হোসেন গাজী।
রাজবাড়ী থানার ওসি মাহমুদুর রহমান বলেন, “কিছু সময়ের জন্য মহাসড়ক অবরোধ করেছিল বিএনপি নেতাকর্মীরা। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নেতাকর্মীদের সঙ্গে কথা বললে তারা সড়ক ছেড়ে দেয়। এখন যানবাহন চলাচল স্বাভাবিক।”
