Published : 03 Jul 2026, 08:24 PM
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় প্রায় দুই মাস ধরে বাখরাবাদ গ্যাসের একটি আবাসিক পাইপলাইনের লিকেজ দিয়ে গ্যাস বের হচ্ছে।
দীর্ঘদিনেও তা মেরামত না হওয়ায় উপজেলার নবকলস এলাকায় দুর্ঘটনার আশঙ্কা প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।
এ বিষয়ে চাঁদপুরে বাখরাবাদ গ্যাসের আঞ্চলিক বিতরণ কার্যালয়ের ব্যবস্থাপক (বিক্রয়) প্রকৌশলী মীর ফজলে রাব্বি বলেন, “বিষয়টি আগে তার জানা ছিল না। এখন বিষয়টি জেনেছেন। দ্রুত লিকেজ মেরামতের ব্যবস্থা নেওয়া হবে।”
স্থানীয় বাসিন্দা মাহফুজ ও আল আমিন বলেন, লিকেজের স্থানটির পাশেই মতলব সরকারি কলেজ। আশপাশে রয়েছে ঘনবসতিপূর্ণ আবাসিক এলাকা। প্রতিদিন শত শত মানুষ ওই পথ দিয়ে চলাচল করায় দুর্ঘটনা ঘটতে পারে বলে তাদের আশঙ্কা।
নবকলস গ্রামের বাসিন্দা রাসেল প্রধান বলেন, “পানির নিচে থাকা পাইপ থেকেই সারাক্ষণ গ্যাস বের হচ্ছে। দ্রুত মেরামত না করলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।”
আরেক বাসিন্দা মো. সেলিম বলেন, “দীর্ঘদিন ধরে গ্যাস বের হলেও সমস্যার সমাধানে কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি।”
স্থানীয়দের অভিযোগ, লিকেজের কারণে প্রাকৃতিক গ্যাসের অপচয় হচ্ছে, অন্যদিকে জননিরাপত্তা ঝুঁকির মুখে পড়েছে।
দুর্ঘটনা এড়াতে গ্যাসলাইনের লিকেজ মেরামতের দাবি জানিয়েছেন নবকলস এলাকার বাসিন্দারা।