২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘ফ্যামিলি কার্ডের’ লক্ষ্য নারীর ক্ষমতায়ন: মির্জা ফখরুল

ঠাকুরগাঁওয়ের রহিমানপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ৫৯০ নারীর মাঝে ‘ফ্যামিলি কার্ড’ করেন মির্জা ফখরুল।

ঠাকুরগাঁও প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2026, 01:09 PM

Updated : 26 Aug 2026, 03:07 PM

নারীর ক্ষমতায়ন করাই ‘ফ্যামিলি কার্ডের’ মূল লক্ষ্য বলে মনে করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেছেন, “বাড়ির প্রধান নারীরাই এই ‘ফ্যামিলি কার্ডটা’ পাবেন। তিনি এই কার্ডটা কী কাজে ব্যবহার করবেন সেটা পরের ব্যাপার। কিন্তু উনার হাতে একটা কার্ড থাকবে। এটা হচ্ছে সোজা হিসাব। যেটা আমি বললাম- নারীদের ক্ষমতায়ন করা। তার হাতে একটা অস্ত্র তুলে দেওয়া যে, আমার শক্তি আছে, আমার ‘ফ্যামিলি কার্ড’ আছে।”

মঙ্গলবার দুপুরের দিকে ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের সম্মিলিত ঈদগাঁহ আলিম মাদ্রাসা প্রাঙ্গণে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ অনুষ্ঠানে বিএনপির মহাসচিব প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

এ সময় রহিমানপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ৫৯০ নারীর মাঝে ‘ফ্যামিলি কার্ড’ করেন মির্জা ফখরুল।

দুর্নীতিবাজদের কড়া হুঁশিয়ারি দিয়ে এলজিআরডি মন্ত্রী বলেন, “এখানে কাজ করতে আসছি, কাজ করব। যদি দেখা যায়, কেউ কোনো দুর্নীতির সঙ্গে জড়িত হয়েছে, তার কোনো ক্ষমা নাই। আমরা কোনো ক্ষমা করব না, এ ব্যাপারে আপনারা নিশ্চিত থাকতে পারেন।” 

নির্বাচনে দেওয়া প্রতিশ্রুতি দ্রুত বাস্তবতায়ন করা হবে জানিয়ে মির্জা ফখরুল বলেন, “আমরা দ্রুত কাজ শুরু করেছি, আমি আসতে আসতে হিসাব করছিলাম কয়দিন হল আমাদের সরকারে আসার, আমি দেখলাম ২২ দিন। এই ২২ দিনের মধ্যেই আমরা কিন্তু ‘ফ্যামিলি কার্ড’ আপনাদের সামনে নিয়ে আসছি। সেই সঙ্গে আমরা ১০ হাজার টাকা সুদসহ কৃষি ঋণ মাফ করে দিয়েছি কৃষকদের। কেউ না পেলে পাবেন, এটা ঘোষণা হয়ে গেছে এবং গেজেটও হয়ে গেছে।” 

তিনি বলেন, “খাল খনন শুরু হয়ে গেছে। ১৬ মার্চ প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেই, উনার বাবা জিয়াউর রহমান সাহেবের মত কোদাল দিয়ে মাটি খুঁড়ে খাল কাটতে শুরু করবেন। সারা বাংলাদেশে অসংখ্য খাল খনন শুরু হবে। এই খাল কেটে বর্ষার সময় যে পানিটা হয় সেই পানিটাকে আমরা জমা রাখব। আর খরার দিনে যখন আমার পানির অভাব তখন এই পানিকে আমরা ব্যবহার করব।” 

মির্জা ফখরুল বলেন, “বিগত ১৫ বছর দেশে কোনো আইন-কানুন ছিল না। ১৫ বছর যা খুশি তাই করে গেছে, টাকা ছাড়া কেউ কোনো কার্ডও পায়নি। আমরা যে ‘ফ্যামিলি কার্ড’ দিলাম এর জন্য কি কোনো টাকা-পয়সা দিতে হইছে? কাউকে কোনো টাকা দিতে হয়নি, হবেও না। আবারও বলছি, প্রত্যেক মা এই ‘ফ্যামিলি কার্ডটি’ পাবেন। সুতরাং অস্থির হওয়ার কিছু নেই।” 

অনুষ্ঠানে ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য ডা. আব্দুস সালাম, জেলা প্রশাসক ইশরাত ফারজানা, পুলিশ সুপার বেলাল হোসেন, জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খাইরুল ইসলাম, রহিমানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হান্নান হান্নু উপস্থিত ছিলেন।