২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে ৫ বছরের শিশুকে কুপিয়ে হত্যা

দুই ভাইয়ের মধ্যে তর্কাতর্কি ও হাতাহাতি হয়।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Apr 2026, 09:26 PM

Updated : 26 Aug 2026, 03:25 PM

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় পাঁচ বছরের শিশুকে কুপিয়ে হত্যা করা হয়েছে। 

বৃহস্পতিবার সকালে উপজেলার গালা ইউনিয়নের মার্জনা গ্রামে এ ঘটনা ঘটে বলে শাহজাদপুর থানার পরিদর্শক (তদন্ত) নাজমুল কাদের জানান।  

নিহত শিশু মাহতাব হোসেন হৃদয় (৫) ওই গ্রামের ফারুক হোসেনের ছেলে। 

পরিবারের বরাতে পুলিশ জানায়, হামেদ আলী বাড়িতে টয়লেট নির্মাণ করার জন্য তার ভাই ফারুক হোসেনের গোয়াল ঘর ঘেঁষে মাটি ফেলেন। এ নিয়ে দুই ভাইয়ের মধ্যে তর্কাতর্কি ও হাতাহাতি হয়। 

এরপর হামেদ আলীর পক্ষ নিয়ে অন্য তিন ভাই লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে এগিয়ে আসে। এ সময় ভয়ে শিশু মাহতাব হোসেন হৃদয়কে কোলে নিয়ে তার বাবা ফারুক ঘটনাস্থল থেকে দৌড়ে পালানোর চেষ্টা করেন। 

একপর্যায়ে ফারুক পালাতে পারলেও তার শিশু সন্তান মাহতাব হোসেন হৃদয় কোল থেকে মাটিতে পড়ে যায়। এ সময় প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে সে গুরুতর আহত হয়। হাসপাতালে নেওয়ার পথে শিশুটি মারা যায়। 

শাহজাদপুর থানার পরিদর্শক (তদন্ত) নাজমুল কাদের বলেন, শিশুটির মরদেহ রাতেই ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হবে। সন্দেহভাজনরা পলাতক। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।