২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঠাকুরগাঁওয়ে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (বিশ্ববিদ্যালয়) মাহবুবুল হক পাটোয়ারী এ তথ্য জানিয়েছেন।

ঠাকুরগাঁও প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Aug 2026, 12:36 AM

Updated : 16 Sep 2026, 05:11 PM

ঠাকুরগাঁওয়ে ‘ইকো ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি-ইইউএসটি’ নামে অনুমোদন পেয়েছে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়। এটি নিয়ে বাংলাদেশে অনুমোদিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা দাঁড়াচ্ছে ১১৭-তে।

সদর উপজেলার পূর্ব নারগুন এলাকায় বিশ্ববিদ্যালয়টির শিক্ষা কার্যক্রম পরিচালনা করবে কর্তৃপক্ষ। 

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ সোমবার বিশ্ববিদ্যালয় স্থাপনের অনুমোদন দিয়েছে। বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মুহম্মদ শহীদ উজ জামানকে চিঠি দিয়ে তা জানানো হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (বিশ্ববিদ্যালয়) মাহবুবুল হক পাটোয়ারী এ তথ্য জানিয়েছেন। 

বিশ্ববিদ্যালয়টিকে দেওয়া শর্তের মধ্যে আছে, সাময়িক অনুমতির মেয়াদ হবে সাত বছর, প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের কমপক্ষে ২৫ হাজার বর্গফুট আয়তনের নিজস্ব বা ভাড়া করা ভবন থাকতে হবে। ন্যূনতম তিনটি অনুষদ এবং এসব অনুষদের অধীন কমপক্ষে ছয়টি বিভাগ থাকতে হবে। বিশ্ববিদ্যালয়ের নামে সংরক্ষিত তহবিলে কমপক্ষে দেড় কোটি টাকা যেকোনো তফসিলি ব্যাংকে জমা থাকতে হবে। এ রকম ভাবে মোট ৩১টি শর্ত মানতে হবে।

‘ইকো ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি’ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মুহম্মদ শহীদ উজ জামান বলেন, “বিশ্ববিদ্যালয়টি শুধু ডিগ্রি দেওয়ার মধ্যে সীমাবদ্ধ থাকবে না বরং দক্ষ মানবসম্পদ, আধুনিক গবেষণা ও তরুণ উদ্যোক্তা তৈরির একটি মূল কেন্দ্র হিসেবে কাজ করবে। প্রতিষ্ঠানটির মূল দর্শন নির্ধারণ করা হয়েছে- শিক্ষা থেকে দক্ষতা, দক্ষতা থেকে উদ্ভাবন এবং উদ্ভাবন থেকে কর্মসংস্থান।”

বাংলাদেশে ১৯৯২ সাল থেকে বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার অনুমোদন দেওয়া শুরু হয়।

এর আগে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় নামের একটি পাবলিক বিশ্ববিদ্যালয় এবং নতুন একটি সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠার অনুমোদন দেয় সরকার।