২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খাগড়াছড়িতে ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে গেল যুবকের প্রাণ

দুপুরে বৃষ্টির মধ্যে বাড়ির পাশে জমিতে গরুর জন্য ঘাস কাটার সময় বজ্রপাত হলে আফছার জ্ঞান হারান বলে জানান স্বজনরা।

খাগড়াছড়ি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Oct 2024, 09:37 PM

Updated : 26 Aug 2026, 10:35 AM

খাগড়াছড়ির রামগড় উপজেলায় গরুর জন্য ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে এক যুবক নিহত হয়েছেন।

বুধবার দুপুরে উপজেলার সীমান্ত ঘেঁষা ফেনীরকুল গ্রামে এ ঘটনা ঘটে বলে জানান রামগড় থানার ওসি মো. মঈন উদ্দিন। 

নিহত মো. নুরুল আফছার (৪০) পৌরসভার ফেনীরকুল (কাঁঠালবাড়ী) গ্রামের আবদুল কুদ্দুছের ছেলে। আফছার দুই ছেলে ও এক মেয়ের জনক।

আফছারের বড় ভাই মো. বেলাল হোসেন জানান, দুপুরে বৃষ্টির মধ্যে আফছার বাড়ির পাশে জমিতে গরুর জন্য ঘাস কাটতে যান। এ সময় বজ্রপাত হলে তিনি অজ্ঞান হয়ে পড়েন।

ঘটনাটি দূর থেকে দেখে এক প্রতিবেশী খবর দিলে আফছারকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে জানান তিনি।