২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিছানায় পোশাক শ্রমিকের লাশের পাশে ডায়েরি, নিখোঁজ স্বামী

“লাশের মুখে ফেনা ছিল, সেক্ষেত্রে বিষপানেও আত্মহত্যা হতে পারে।”

বিছানায় পোশাক শ্রমিকের লাশের পাশে ডায়েরি, নিখোঁজ স্বামী
ঢাকার আশুলিয়া থানা।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2024, 09:08 PM

Updated : 26 Aug 2026, 09:56 AM

ঢাকার সাভারের আশুলিয়ায় এক নারী পোশাক শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহের পাশে রাখা ছিল একটি ডায়েরি। ঘটনার পর থেকে তার স্বামী পলাতক রয়েছে। 

শনিবার বিকালে পূর্ব নরসিংহপুর এলাকার মিন্নাত আলীর বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে আশুলিয়া থানার এসআই আবজালুল হক জানান। 

নিহত জাহানারা খাতুন জান্নাতি (২২) দিনাজপুর জেলার চিলিরবন্দর উপজেলার উত্তর ভোলানাথপুর গ্রামের জামাল উদ্দীনের মেয়ে। তিনি আশুলিয়ার শারমিন গ্রুপের একটি পোশাক কারখানা অপারেটর পদে চাকরি করতেন। 

জান্নাতির স্বামী হাবিবুর রহমান অনিক (২৭) পাবনা জেলার ফরিদপুর উপজেলার দিঘুলিয়া দক্ষিণপাড়া এলাকার আব্দুল কুদ্দুসের ছেলে। তিনিও শারমিন গ্রুপের একটি পোশাক কারখানা হেলপার পদে চাকরি করেন। 

এসআই আবজালুল হক জানান, ৯৯৯ এ কল পেয়ে মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মরদেহের পাশে একটি ডায়েরি পড়েছিল। সেখানে স্বেচ্ছায় দুজনের মৃত্যুর কথা লেখা আছে। তবে তার স্বামী অনিককে খুঁজে পাওয়া যাচ্ছে না। 

“প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই নারীকে শ্বাসরোধে হত্যার পর লাশ বিছানায় ফেলে রেখে পালিয়েছে তার স্বামী। লাশের মুখে ফেনা ছিল, সেক্ষেত্রে বিষপানেও আত্মহত্যা হতে পারে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে বিস্তারিত বলা যাবে।”

বাড়ির মালিকের মেয়ে সামছুনাহার বলেন, “দুপুরে জান্নাতির অফিস থেকে তিন নারী আমাদের বাড়িতে তাকে খুঁজতে আসে। পরে আমার মা তাদেরকে জান্নাতির রুম দিখিয়ে দেন৷ রুমের দরজা বাইরে থেকে ছিটকানি লাগানো ছিল৷ 

“পরে তারা দরজার ছিটকানি খুলে রুমের ভিতরে ঢুকে দেখতে পায় বিছানায় জান্নাতির লাশ পরে আছে। পরে পুলিশে খবর দেওয়া হয়।”

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আশুলিয়া থানায় মামলার প্রস্তুতি চলছে।