Published : 26 Dec 2025, 09:53 AM
ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে সাড়ে নয় ঘণ্টা এবং আরিচা-কাজিরহাট নৌরুটে এগারো ঘণ্টা বন্ধ থাকার পর ফেরি চলাচল আবার শুরু হয়েছে।
শুক্রবার সকাল সাড়ে ৯টায় পাটুরিয়া-দৌলতদিয়া এবং ১০টায় আরিচা-কাজিরহাট রুটে ফেরি চলাচল স্বাভাবিক হয় বলে জানিয়েছেন বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক আব্দুস সালাম।
এর আগে বৃহস্পতিবার রাত ১২টা থেকে নদী এলাকায় তীব্র কুয়াশা পড়ায় দুর্ঘটনা এড়াতে তাৎক্ষণিকভাবে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয় বলে জানান তিনি।

ফেরি চলাচল বন্ধ থাকায় পাটুরিয়া-দৌলতদিয়া ঘাট এলাকায় পণ্যবাহী ট্রাক ও দূরপাল্লার বাসসহ শতাধিক যানবাহন আটকা পড়ে। এতে যাত্রী ও পরিবহন শ্রমিকদের মধ্যে চরম ভোগান্তি দেখা দেয়।
বিআইডব্লিউটিসি কর্মকর্তা আব্দুস সালাম বলেন, “পাটুরিয়ার ঘাট দিয়ে বর্তমানে সীমিত সংখ্যক ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে। মাঝ নদীতে আটকা তিন ফেরি ‘শাহপরান’, ‘বাইগার’ ও ‘গোলাম মওলা’ ঘাটে এসেছে।”
বিআইডব্লিউটিসির সহকারী ব্যবস্থাপক আবু আব্দুল্লাহ, ঘন কুয়াশার কারণে রাত এগারোটা থেকে ফেরি চলাচল বন্ধ করা হয়েছিল। মাঝ নদীতে ‘হামিদুর রহমান’ ও ‘চিত্রা’ নামের দুটি ফেরি ঘাটের দিকে রওনা হয়েছে।