১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

গাইবান্ধায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে ২ চালক নিহত

দ্রুতগতির দুটি মোটরসাইকেল একে অপরকে অতিক্রম করা সময় মুখোমুখি সংঘর্ষ হয়।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2026, 05:08 PM

Updated : 11 Sep 2026, 03:56 PM

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই চালক নিহত হয়েছেন। 

মঙ্গলবার সকাল ৯টার দিকে গোবিন্দগঞ্জ-দিনাজপুর আঞ্চলিক মহাসড়কে উপজেলার শিয়ালগাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি মশিউর রহমান। 

নিহতরা হলেন- উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের পাঁছগছি বাজার এলাকার নজরুল মিয়ার ছেলে লিমন মিয়া (২৫) ও একই উপজেলার কোচাশহর ইউনিয়নের চাঁদপাড়া এলাকার শাহীন আলমের ছেলে রুবেল মিয়া (৩০)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে দ্রুতগতির দুটি মোটরসাইকেল একে অপরকে অতিক্রম করা সময় মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় বিকট শব্দে দুই মোটরসাইকেলের চালক সড়কে ছিটকে পড়েন। 

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাদের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে দুইজনেই মারা যান। 

আইনি প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তররের প্রক্রিয়া চলমান বলে জানিয়েছেন ওসি মশিউর রহমান।