টাঙ্গাইলে গৃহবধূকে ‘দলবেঁধে’ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২
১১ জুলাই রাতে গৃহবধূর স্বামীর বাড়িতে তার শাশুড়ির সঙ্গে ঝগড়া হয়। তখন তিনি রাগ করে বাবার বাড়ির উদ্দেশে বের হন।
টাঙ্গাইলের সখিপুর উপজেলায় এক গৃহবধূকে ‘দলবেঁধে’ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার সকালে গৃহবধূ তিনজনকে আসামি করে মামলার পর তাদের গ্রেপ্তার করা হয় বলে সখিপুর থানার ওসি আবুল কালাম ভূইয়া জানান।
গ্রেপ্তার দুই ব্যক্তি হলেন- লিটন (৪০) ও রফিক (৩৯)।
মামলার বরাতে পুলিশ জানায়, ১১ জুলাই রাতে গৃহবধূর স্বামীর বাড়িতে তার শাশুড়ির সঙ্গে ঝগড়া হয়। তখন তিনি রাগ করে বাবার বাড়ির উদ্দেশে বের হন। পথে কয়েকজন ব্যক্তি গতিরোধ করে তাকে একটি পরিত্যক্ত ঘরে নিয়ে ধর্ষণ করে। এবং বিষয়টি কাউকে না জানানোর জন্য হুমকি দেন।
সখিপুর থানার পরিদর্শক (তদন্ত) প্রভাষ কুমার বসু বলেন, গৃহবধূর স্বাস্থ্য পরীক্ষার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
সখিপুর থানার ওসি আবুল কালাম ভূইয়া বলেন, গ্রেপ্তার দুজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অন্য আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
