Published : 20 Nov 2025, 08:37 PM
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ-ডাকসুর সদস্য উম্মা উসওয়াতুন রাফিয়ার ময়মনসিংহের বাসায় হাতবোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ নিয়ে পরিবারে আতঙ্ক বিরাজ করছে।
বুধবার রাত পৌনে ৩টার দিকে নগরের ১ নম্বর ওয়ার্ডের ঢোলাদিয়া এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ওসি মুহাম্মদ শিবিরুল ইসলাম।
এ ঘটনায় বৃহস্পতিবার অজ্ঞাত পরিচয়দের আসামি করে থানায় বিস্ফোরক আইনে মামলা করেছেন ভুক্তভোগীর পরিবার।
পুলিশ জানায়, কে বা কারা বাসার গেইটে হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে পেট্রোলের মত দাহ্য পদার্থ ছিটিয়ে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করেন। খবর পেয়ে পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে।
উম্মা উসওয়াতুন রাফিয়ার ভাই খন্দকার জুলকারনাইন রাদ বলেন, হামলার ঘটনায় থানায় অভিযোগ দেওয়া হয়েছে। এ ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানান তিনি।
ওসি শিবিরুল ইসলাম বলেন, অজ্ঞাতদের আসামি করে থানায় মামলা হয়েছে। দ্রুত আসামিদের গ্রেপ্তার করা হবে।