মালয়েশিয়ায় পাচারের চেষ্টা: টেকনাফে নারী-শিশুসহ ১১ জন উদ্ধার, গ্রেপ্তার ১২
অভিযানে চক্রটির অন্তত ১০০ জনকে পাচারের মিশন ব্যর্থ করে দেওয়ার দাবি করেছে বিজিবি।
কক্সবাজারের টেকনাফে সাগর পথে মিয়ানমার হয়ে মালয়েশিয়া পাচারের চেষ্টার সময় নারী ও শিশুসহ ১১ জনকে উদ্ধার করা করেছে বিজিবি। এ সময় গ্রেপ্তার করা হয়েছে ১২ জনকে; যাদের পাচারকারী বলছে সীমান্তরক্ষা বাহিনী।
মঙ্গলবার সন্ধ্যা থেকে বুধবার ভোর পর্যন্ত টেকনাফের গহীন পাহাড়ে পাচারকারীদের আস্তানাসহ কয়েকটি স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে জানান বিজিবি টেকনাফ-২ ব্যাটালিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান।
অভিযানে চক্রটির অন্তত ১০০ জনকে পাচারের একটি মিশন ব্যর্থ করে দিয়েছে বলে দাবি বিজিবির।
গ্রেপ্তাররা হলেন- টেকনাফের তুলতুলি এলাকার প্রয়াত হোসেন আহমেদের ছেলে মো. আব্দুর রশিদ (৩৫), একই এলাকার প্রয়াত জগির আহমদের ছেলে মো. জাহেদ (১৮), লেঙ্গুর বিলের নুর বশরের ছেলে মিজানুর রহমান (২০), উখিয়া উপজেলার থাইংখালী ১৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের মো. আইয়ুবের ছেলে মো. আবু তৈয়ব (২৫), মিয়ানমারের বুচিডংয়ের নুর মোহাম্মদের ছেলে মো. ইদ্রিস (৩৫), টেকনাফের দক্ষিণ জালিয়াপাড়ার প্রয়াত রশিদ উল্লাহর ছেলে মো. জুবায়ের (৩৩), কচ্ছপিয়া এলাকার নুর মোহাম্মদের ছেলে নুরুল আবছার (১৮), ছোট হাবির পাড়ার প্রয়াত সহোরাবের ছেলে মো. ইসমাইল (৩২), বড় ডেইল এলাকার মোহাম্মদ হোসেনের ছেলে মো. ইমরান (২৮), কচ্ছপিয়া এলাকার নুর ইসলামের ছেলে নুর মোহাম্মদ (৪০), ২৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের মো. জহিরের ছেলে মাহমুদ উল্লাহ (৩০), কচ্ছপিয়ার নুর মোহাম্মদের স্ত্রী খুরশিদা বেগম (৩৪)।
বিকালে টেকনাফে বিজিবির দপ্তরে সংবাদ সম্মেলনে লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান বলেন, বিজিবির গোয়েন্দাদের মালয়েশিয়াগামী সাজিয়ে মানবপাচারকারী চক্রের সুনির্দিষ্ট তথ্য শনাক্ত করা হয়। মঙ্গলবার সন্ধ্যার পর থেকে শুরু করা হয় অভিযান।
মেরিন ড্রাইভ সংলগ্ন কচ্ছপিয়া এবং বড়ইতলি এলাকায় আলাদা অভিযান চালিয়ে আটক করা হয় ১২ জনকে। এ সময় পাচারের জন্য জড়ো করা ১১ জনকে উদ্ধার করা হয়।
তিনি বলেন, কচ্ছপিয়া এলাকার গহীন পাহাড়ে অভিজাত ভবন নির্মাণ করে আস্তানা হিসেবে ব্যবহার করেন পাচারকারীরা। সেখানে রয়েছে বিদ্যুৎ সুবিধাও। এই গহীন পাহাড়ে কোনো মোবাইল নেটওয়ার্ক না থাকলেও পাচারকারী চক্রের সদস্যদের জন্য ইন্টারনেট সুবিধা রয়েছে। ডিভাইস টু ডিভাইস সংযুক্তের মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করে মানবপাচার নিয়ন্ত্রণ করেন তারা।
আটকদের কাছে পাওয়া তথ্যের বরাতে লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান বলেন, “বেশ কিছুদিন ধরে কয়েকটি সংঘবদ্ধ চক্র স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তির ছত্রছায়ায় মিয়ানমার থেকে বাংলাদেশ এবং বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে মালয়েশিয়া পর্যন্ত মাদক পাচার করে আসছিলেন।
“টেকনাফের হোসেন, সাইফুল এবং নিজামের নেতৃত্বে সংঘবদ্ধ চক্রের হোতারা বিভিন্ন শাখা ও দলে বিভক্ত হয়ে এই মানব পাচার করে থাকেন। বাংলাদেশে অবস্থানরত কিছু মাঠ পর্যায়ের বেতনভুক্ত সদস্য মালয়েশিয়ায় যাত্রী সংগ্রহের উদ্দেশে বিভিন্ন প্রলোভন দেখান।
“এসব প্রলোভনের মধ্যে রয়েছে- উচ্চ বেতনের চাকরি, সুবিধাজনক কর্মসংস্থান, দ্রুত ধনী হওয়ার স্বপ্ন, অল্প খরচে বিদেশ যাত্রা এবং বিনা অর্থে প্রেরণ করে পরবর্তীতে কর্মস্থলে কাজের মাধ্যমে খরচ পরিশোধের সুযোগের প্রতিশ্রুতি। এ ধরনের প্রলোভনের মাধ্যমে টেকনাফসহ দেশের বিভিন্ন এলাকা থেকে বাংলাদেশি ও মিয়ানমারের নাগরিকদের মালয়েশিয়া গমনে উদ্বুদ্ধ করা হয়।”
তিনি বলেন, “পরে মালয়েশিয়া যেতে ইচ্ছুক যাত্রীদের দুর্গম পাহাড়ি এলাকা ও গোপন আস্তানায় নিয়ে যাওয়া হয়। সেখানে পৌঁছার সঙ্গে সঙ্গে তাদের কাছ থেকে মোবাইল ফোন ও অর্থ ছিনিয়ে নেওয়া হয়। ভুক্তভোগীদের পর্যাপ্ত খাবার সরবরাহ করা হয় না; অনেক ক্ষেত্রে অনিয়মিতভাবে স্বল্প পরিমাণ খাদ্য প্রদান করা হয়।
“পরে মেরিন ড্রাইভ সংলগ্ন উপকূল থেকে ছোট ছোট নৌযানে করে যাত্রীদের গভীর সমুদ্রে অপেক্ষারত বড় নৌযানে স্থানান্তর করা হয়। যেখানে আটকে রেখে আদায় করা হয় মুক্তিপণ এবং চালানো হয় নির্যাতন।”
বিজিবি অধিনায়ক জানান, অভিযানে আন্তর্জাতিক মানব পাচারকারী বেশ কয়েকটি চক্রের সন্ধান পাওয়া গেছে। এই চক্রের পাঁচজন মালয়েশিয়া, বাংলাদেশ ও মিয়ানমারে থাকেন। সেখান থেকে স্থানীয় সহযোগীদের মাধ্যমে তারা মানব পাচারের কার্যক্রম নিয়ন্ত্রণ করে থাকেন।
এ ঘটনায় হোসেন, সাইফুল এবং নিজামকে পলাতক আসামি করে আটক ১২ জনের বিরুদ্ধে টেকনাফ থানায় মামলা করা হয়েছে বলে জানান লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান।
