২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে বৃদ্ধ কেয়ারটেকারের হাত-পা বাঁধা লাশ উদ্ধার

দীর্ঘদিন ধরে আলেখার কান্দা গ্রামের চিকিৎসক জালাল উদ্দিনের বাড়িতে কেয়ারটেকারের দ্বায়িত্ব পালন করতেন ওহাব মাতুব্বর।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2025, 10:48 AM

Updated : 26 Aug 2026, 11:33 AM

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার একটি বাড়ি থেকে বৃদ্ধ কেয়ারটেকারের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

বুধবার রাত ১০টার দিকে নাসিরাবাদ ইউনিয়নের আলেখার কান্দা গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন সহকারী পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) মো. আসিফ ইকবাল।

নিহত ওহাব মাতুব্বরের (৭০) বাড়ি তুজারপুর গ্রামে। তিনি দীর্ঘদিন ধরে পাশের আলেখার কান্দা গ্রামের চিকিৎসক জালাল উদ্দিনের বাড়িতে কেয়ারটেকারের দ্বায়িত্বে রয়েছেন।

আসিফ ইকবাল বলেন, চিকিৎসক জালাল উদ্দিন দীর্ঘদিন আগে মারা গেছেন। তার স্ত্রী এবং তিন মেয়ে ঢাকায় বসবাস করেন। মাঝে মধ্যে তারা বাড়িতে বেড়াতে আসেন। বাড়িটি দেখাশোনা করতেন ওহাব মাতুব্বর।

“বুধবার রাত ১০টার দিকে স্থানীয়দের মাধ্যমে খবর পাই ওহাব মাতুব্বরের মরদেহ বাড়ির দ্বিতীয় তলার ছাদে ওঠার দরজার পাশে পড়ে রয়েছে। সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছি।”

সহকারী পুলিশ সুপার আরও বলেন, “সিআইডির একটি দলও ঘটনাস্থলে রয়েছে। কারা এবং কী কারণে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।”