মৃত মাকে দেখতে যাওয়ার পথে প্রাণ গেল মেয়ের
এ ঘটনায় তার চাচাতো বোনও মারা গেছেন; আহত হয়েছেন স্বামী।
মায়ের মৃত্যুর খবর পেয়ে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে বগুড়ার শেরপুর উপজেলায় ট্রাক চাপায় এক নারী মারা গেছেন। এ ঘটনায় তার চাচাতো বোনও মারা গেছেন; আহত হয়েছেন স্বামী।
রোববার সকাল ৮টায় ভবানীপুর ইউনিয়নের অমেরা গ্যাস পাম্পের সামনে এ দুর্ঘটনাটি ঘটে বলে জানিয়েছেন শেরপুর হাইওয়ে থানার ওসি আজিজুল ইসলাম।
নিহতরা হলেন, গাইবান্ধার দক্ষিণ গ্রিদারী গ্রামের নজরুল ইসলামের মেয়ে নূপুর আক্তার (২২) এবং তার চাচাতো বোন রুনা আক্তার (১৮)। রুনা ওই এলাকার আব্দুর রশিদের মেয়ে।
গুরুতর আহত হয়েছেন মোটরসাইকেল চালক ও নূপুরের স্বামী রাকিবুল ইসলাম। তারা সবাই গাজীপুরে পোশাক কারখানায় চাকরি করতেন।
নিহতদের স্বজনদের বরাতে ওসি আজিজুল ইসলাম বলেন, শনিবার রাতে নূপুর আক্তারের মা মারা যান। খবর পেয়ে রোববার ভোরে তিনি স্বামী রাকিবুল ও চাচাতো বোন রুনাকে নিয়ে মোটরসাইকেলে বাড়িতে রওয়ানা হন।
পথে ভবানীপুর ইউনিয়নের অমেরা গ্যাস পাম্পের সামনে পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপর পড়ে যায়। এ সময় পেছনে থাকা একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুই বোন নিহত হন। গুরুতর আহত হন চালক রাকিবুল।
খবর পেয়ে শেরপুর ফায়ার সার্ভিস কর্মীরা আহতকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান এবং নিহতদের মরদেহ পুলিশের নিকট হস্তান্তর করেন।
ওসি আজিজুল ইসলাম আরও বলেন, আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।
তবে ট্রাকটি পালিয়ে যাওয়ায় আটক করা যায়নি বলেও জানান তিনি।
