ফরিদপুরেই তৈরি হত ‘বিদেশি মদ’, ‘হোতা’সহ আটক ৩
দুর্গাপূজাকে সামনে রেখে চক্রটি নকল মদ তৈরি করে বিভিন্ন জায়গায় সরবরাহ করছিল।
ফরিদপুরে নকল বিদেশি মদ তৈরির উপকরণসহ তিনজন আটক হয়েছেন; তাদের একজন এ কাজের হোতা বলে দাবি করছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
শনিবার দুপুরে জেলা মাদকদ্রব্য অধিদপ্তরের দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।
গ্রেপ্তাররা হলেন- ফরিদপুর সদরের রঘুনন্দনপুর পট্টাদারকান্দি এলাকার আবুল হোসেন (৫০), বিল মাহমুদপুর পূর্ব মল্লিকডাঙ্গী এলাকার হাফিজুল ইসলাম পাঁচু (৪৬) ও সদরদী এলাকার ইমান আলী সেকের ছেলে আতিয়ার সেক (৩৬)।
এর আগে শুক্রবার বিকালে ফরিদপুর সদরের মুন্সীবাজার বাইপাস সড়ক ও সদরদী এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
তাদের মধ্যে আবুল হোসেন এ চক্রের হোতা এবং পাঁচু ও আতিয়ার সহযোগী হিসেবে কাজ করতেন বলে দাবি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের।
অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার বিকালে গোপন সংবাদে ফরিদপুর সদরের মুন্সীবাজার বাইপাস এলাকা থেকে ভেজাল মদ তৈরি এবং বিক্রির চক্রের হোতা আবুল হোসেন ও পাঁচুকে আটক করা হয়। জব্দ করা হয় ১০ বোতল নকল মদ।
পরে আবুলের দেওয়া তথ্যে একইদিন রাতে অভিযান চালানো হয় জেলা সদরের সদরদী গ্রামের আতিয়ারের বাড়িতে।
সেখান থেকে ৩ লিটার নকল মদ, মদ তৈরির রেক্টিফাইড স্পিরিট, ১০০টি বিভিন্ন কোম্পানির বোতলের ছিপি, কাপসহ আনুসাঙ্গিক উপকরণ জব্দসহ আতিয়ার সেককে আটক করা হয়।
আবুল-আতিয়ারকে জিজ্ঞাসাবাদের বরাদ দিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, তারা রেক্টিফাইড স্পিরিট, পানি, রং এবং এসেন্স মিশিয়ে ভেজাল মদ তৈরি করেন। উপকরণগুলো ঢাকা থেকে কুরিয়ারে আসে ফরিদপুরে।
সেই উপকরণ আবুলের সহযোগিতায় পৌঁছে যায় সদরদী মোল্লাপাড়া এলাকায় আতিয়ার সেকের বাড়িতে। সেখানেই উৎপাদিত হয় বিভিন্ন নামের নকল বিদেশি মদ।
এরপর আবুল, আতিয়ার, পাঁচুর মাধ্যমে ফরিদপুরের বিভিন্ন জায়গায় পৌঁছে যায় এ মাদক।
আসন্ন দুর্গাপূজাকে কেন্দ্র করে চক্রটি নকল মদ তৈরির পর বিভিন্ন জায়গায় সরবরাহ করছিল বলে আটকরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেন।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিচালক শামীম হোসেন বলেন, আটকদের বিরুদ্ধে ফরিদপুরের কোতোয়ালি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
