২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

একাত্তর আমাদের শেকড়, চব্বিশ অস্তিত্ব: সারজিস আলম

নরসিংদীতে ‘জুলাই ঘোষণাপত্র’র পক্ষে জনসমর্থনে দিনভর লিফলেট বিতরণ করেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক।

নরসিংদী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2025, 07:39 PM

Updated : 26 Aug 2026, 11:33 AM

xএকাত্তর যেমন আমাদের শেকড়, তেমনি চব্বিশ আমাদের অস্তিত্ব; যা আমরা ইতিহাসের অংশ হিসেবে রাখতে পারি বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম।

‘জুলাই ঘোষণাপত্র’র পক্ষে জনসমর্থনে বুধবার দিনভর নরসিংদী শহর ও বিভিন্ন উপজেলায় লিফলেট বিতরণের সময় এ কথা বলেন তিনি।

চব্বিশের অভ্যুত্থানের ঘোষণাপত্রকে ডকুমেন্টেশন করার দাবি জানিয়ে ‘জুলাই স্মৃতি ফাউন্ডেশন’র সাধারণ সম্পাদক সারজিস আলম বলেন, “সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে, খুনি হাসিনাসহ যাদের নির্দেশে এত মানুষকে খুন করা হয়েছে, রক্ত ঝড়ানো হয়েছে, তাদের বিচারের শাস্তির কথা স্পষ্টভাবে এই ঘোষণাপত্রে থাকতে হবে।”

চব্বিশের ছাত্র আন্দোলনে নরসিংদী জেল গেইট ছিল রণক্ষেত্র; যেখান থেকে হাসিনার নির্দেশে ছাত্রলীগ, যুবলীগ ও পুলিশ নামধারী কিছু ‘ক্যাডার’ ছাত্র-জনতার ওপর গুলি চালিয়েছিল বলে মন্তব্য করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এই নেতা।

তিনি বলেন, “এখানে কেউ কেউ পোশাকে, কেউ পোশাক ছাড়া ও কেউ কেউ অস্ত্র নিয়ে ও অস্ত্র ছাড়া নিরীহ ছাত্র-জনতার ওপর ঝাঁপিয়ে পড়েছিল। যে নতুন বাংলাদেশের প্রত্যাশায় এত প্রাণহানি ঘটল, সেগুলো একটি লিখিত ঘোষণাপত্রে অবশ্যই ডকুমেন্টেশন করতে হবে।

“আমাদের সংগ্রামের এই ইতিহাস, ইতিহাসের একটি অংশ হয়ে লিখিতভাবে সংবিধানে ডকুমেন্টেশন থাকা উচিত। আমরা সবাই মিলে ফ্যাসিস্টবিরোধী লড়াই করেছিলাম, এ লড়াই জারি রাখব এবং ঘোষণাপত্রটি যেন মানুষের সামনে আসে সে চেষ্টা অব্যাহত থাকবে।”

সব শ্রেণিপেশার মানুষের সঙ্গে কথা হয়েছে, তারা সাত দফা দাবিকে যৌক্তিক উল্লেখ করে এর সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন বলে জানান সারজিস আলম।

এর আগে দুপুরে শিবপুর উপজেলা ইটাখোলা মোড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় সমন্বয়কদের সঙ্গে নিয়ে সাত দিনব্যাপী ‘জুলাই ঘোষণাপত্র’ বিতরণ কর্মসূচি শুরু করেন তিনি।

এ সময় সারজিস আলম ‘জুলাই ঘোষণাপত্র’ পড়েন। পরে তিনি ঢাকা-সিলেট মহাসড়কে নরসিংদীর জেলখানা মোড়, পাঁচদোনা ও মাধবদী এলাকার বিভিন্ন শ্রেণিপেশার জনগণকে সচেতন করতে সাত দফা দাবিতে লিফলেট বিতরণ করেন।

কর্মসূচিতে জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষারসহ স্থানীয় সমন্বয়করা উপস্থিত ছিলেন।