শেরপুরে বিএনপি প্রার্থীর মনোনয়ন স্থগিত
শেরপুরের তিনটি নির্বাচনি আসনে মনোনয়নপত্র বাছাই শেষে একজনের স্থগিত, পাঁচজনের বাতিল এবং ১০ জনের বৈধ ঘোষণা করা হয়েছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনে বিএনপির প্রার্থী প্রকৌশলী মো. ফাহিম চৌধুরীর মনোনয়ন স্থগিত করা হয়েছে।
দ্বৈত নাগরিকত্ব (অস্ট্রেলিয়া) বাতিলের আবেদনের কপি জমা দিলেও তা গৃহীত হওয়ার প্রমাণপত্র না থাকায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান জানান।
এ ব্যাপারে ফাহিম চৌধুরী বলেন, “বিএনপি থেকে চূড়ান্তভাবে মনোনয়ন পাওয়ার পরই আমি অস্ট্রেলিয়ার নাগরিকত্ব বাতিলের জন্য আবেদন করেছি। বড়দিন ও নতুন বছরের ছুটির কারণে আবেদন প্রক্রিয়ায় সময় লাগছে। নাগরিকত্ব বাতিলের আবেদনপত্র ও নির্ধারিত ফি প্রদানের কপিও সংযুক্ত করেছি।
“এরপরও যদি মনোনয়ন বাতিল হয় তাহলে আমি নির্বাচন কমিশনে আপিল করব।”
এদিকে শেরপুরের তিনটি নির্বাচনি আসনে মনোনয়নপত্র বাছাই শেষে একজনের স্থগিত, পাঁচজনের বাতিল এবং ১০ জনের বৈধ ঘোষণা করা হয়েছে।
শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র বাছাই হয়।
এদিন কাগজপত্রে অসঙ্গতি, ঋণখেলাপী ও দলীয় মনোনয়নের কাগজ জমা না দেওয়াসহ নানা অসঙ্গতির কারণে শেরপুর-১ (সদর) আসনে জাতীয় পার্টির মাহমুদুল হক মনি, জাতীয় পার্টির মো. ইলিয়াস উদ্দিন এবং খেলাফতে মজলিসের সফিকুল ইসলামের প্রার্থিতা বাতিল হয়েছে।
এই আসনে বৈধ প্রার্থীরা হচ্ছেন- বিএনপির ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা, জামায়াতে ইসলামীর হাফেজ রাশেদুল ইসলাম, এনসিপির ইঞ্জিনিয়ার মো. লিখন মিয়া এবং বিএনপির ‘বিদ্রোহী’ স্বতন্ত্র প্রার্থী শফিকুল ইসলাম মাসুদ।
শেরপুর-২ আসনে ঋণখেলাপীসহ নানা অসঙ্গতির কারণে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী রফিকুল ইসলাম বেলাল এবং দলীয় কাগজ না থাকাসহ তথ্য গোপনের কারণে বিএনপি নেতা মো. ইলিয়াস খানের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
এই আসনে জামায়াতে ইসলামীর গোলাম কিবরিয়া ভিপি এবং ইসলামী আন্দোলনের মো. আব্দুল্লাহ আল কায়েস বৈধ হয়েছেন।
এ ছাড়া শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে চার প্রার্থীই বৈধ বলে ঘোষিত হয়েছেন। তারা হলেন- বিএনপির মাহমুদুল হক রুবেল, জামায়াতে ইসলামীর নুরুজ্জামান বাদল, ইসলামী আন্দোলনের মুফতি আবু তালেব মো. সাইফুদ্দিন এবং বিএনপির ‘বিদ্রোহী’ স্বতন্ত্র প্রার্থী আমিনুল ইসলাম বাদশা।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান জানান, জাতীয় সংসদ নির্বাচনে শেরপুরের তিনটি আসনে ১৬ জন প্রার্থীর মনোনয়ন দাখিলের পর যাচাই-বাছাই শেষে ১০ জনের মনোনয়নপত্র বৈধ, ৫ জনের বাতিল ও দ্বৈত নাগরিকত্ব বাতিলের প্রমাণপত্র না থাকায় একজনের আপাতত স্থগিত করা হয়েছে।
উল্লেখ্য, মনোনয়নপত্র বাছাইয়ের পর রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়েরের তারিখ ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি পর্যন্ত। আপিল নিষ্পত্তির তারিখ ১০ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি এবং প্রতীক বরাদ্দের তারিখ ২১ জানুয়ারি। আর ১২ ফেব্রুয়ারি হবে ভোটগ্রহণ।
