২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সব পূজা মণ্ডপ নিরাপত্তা বলয়ে আছে: র‌্যাব মহাপরিচালক

র‍্যাব মহাপরিচালক গাজীপুর শহরের কেন্দ্রীয় কৃপাময়ী কালী মন্দির পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2024, 01:06 PM

Updated : 26 Aug 2026, 10:38 AM

দেশের সব দুর্গা পূজার মণ্ডপই নিরাপত্তা বলয়ের মধ্যে আছে বলে মন্তব্য করেছেন র‍্যাবের মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান।

তিনি বলেছেন, “দুর্গা পূজাকে কেন্দ্র করে র‌্যাব কঠোর অবস্থানে আছে। যেখানে ঝুঁকিপূর্ণ মনে হয়েছে সেখানে বাড়তি আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে, টহলও জোরদার আছে।

“সব মিলিয়ে আমাদের দেশে যে ৩২ হাজার পূজা মণ্ডপ আছে সেগুলো পুরো নিরাপত্তা বলয়ের মধ্যে আছে।” 

বৃহস্পতিবার রাতে র‍্যাব মহাপরিচালক গাজীপুর শহরের কেন্দ্রীয় কৃপাময়ী কালী মন্দির পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

শহিদুর রহমান বলেন, “পূজা মণ্ডপে ছোটখাটো দুই-একটি ঘটনার অভিযোগ এসেছে। তাৎক্ষণিকভাবে সেখানে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। যারা এসব অপকর্ম করছে তাদের বিরুদ্ধে মামলা হবে এবং তাদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসা হবে। 

“কিশোরগঞ্জ, বরিশালের বাকেরগঞ্জে যে ঘটনাগুলো ঘটেছে সেখানে নাশকতার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মামলা হয়েছে এবং প্রায় ক্ষেত্রেই ওইসব ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করা সম্ভব হয়েছে।”

তিনি বলেন, “দুষ্কৃতকারীরা সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব এবং নাশকতামূলক তথ্য ছড়ানোর চেষ্টা চালাচ্ছে, তাদেরকে গোয়েন্দা নজরদারিতে রাখা হয়েছে।” 

মন্দির পরিদর্শনকালে লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জাহিদুল করিম, গাজীপুর মহানগরের পোড়াবাড়ি এলাকার র‍্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর জুন্নুরাইন উপস্থিত ছিলেন।

গাজীপুর মহানগর ও জেলায় ৪১২টি মন্দিরে দুর্গা পূজা হচ্ছে।