Published : 03 Sep 2025, 07:50 PM
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-রাকসু নির্বাচনে ২৩টি পদের বিপরীতে ৪৬৬ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
এ ছাড়া ১৭টি আবাসিক হল সংসদের নির্বাচনের জন্য মোট ৭৫৪ জন মনোনয়নপত্র তুলেছেন।
অপরদিকে সিনেটের ছাত্রপ্রতিনিধি নির্বাচনে পাঁচটি পদের বিপরীতে মনোনয়ন নিয়েছেন ৮৪ জন।
বুধবার বিকালে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলাম এসব তথ্য জানান।
২৭ অগাস্ট থেকে প্রার্থীদের ডোপ টেস্ট বাধ্যতামূলক করা হয়। এ পর্যন্ত ৮৪১ প্রার্থী নমুনা দিয়েছেন বলে জানান বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রের প্রধান মাফরুহা সিদ্দিকা লিপি।
২৮ অগাস্ট থেকে শুরু হওয়া ডোপ টেস্টের নমুনা দেওয়ার শেষ দিন ছিল বুধবার। তবে মনোনয়নপত্র বিতরণের সময়সীমা বাড়ানোয় নতুন প্রার্থীরা বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত চিকিৎসা কেন্দ্রে ডোপ টেস্টের নমুনা জমা দিতে পারবেন।
প্রধান নির্বাচন কমিশনার বলেন, “নির্বাচনে সবার অংশগ্রহণ নিশ্চিত করতে আমরা কয়েক দফায় সময় বাড়িয়েছিলাম। আজ মনোনয়ন বিতরণের শেষ দিন ছিল। আর সময় বাড়ানো সম্ভব নয়।”

তিনি বলেন, “চিকিৎসা কেন্দ্রে যারা নমুনা জমা দিয়েছেন, তাদের অধিকাংশের রিপোর্ট প্রস্তুত হয়ে গেছে। বিকাল ৫টার মধ্যে যারা ফরম নিয়েছেন, তারা বৃহস্পতিবার সকাল ৯টার পর চিকিৎসা কেন্দ্রে গিয়ে নমুনা দিতে পারবেন।”
এর আগে, ২৮ জুলাই নির্বাচনের তফসিল ঘোষণা করে কমিশন। সংশোধিত তফসিল অনুযায়ী, ৩ ও ৪ সেপ্টেম্বর মনোনয়ন দাখিল, ৬ ও ৭ সেপ্টেম্বর বাছাই, ৮ সেপ্টেম্বর প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ, ৯ সেপ্টেম্বর আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি, ১০ সেপ্টেম্বর মনোনয়নপত্র প্রত্যাহার এবং ১১ সেপ্টেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।
রাকসু ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনের মনোনয়নপত্র রাকসুর কোষাধ্যক্ষের কার্যালয় থেকে এবং হল সংসদ নির্বাচনের জন্য মনোনয়নপত্র সংশ্লিষ্ট হলের প্রশাসনিক কার্যালয়ের রিটার্নিং কর্মকর্তাদের থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করা যাবে।
২৫ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব একাডেমিক ভবনে ভোটগ্রহণ হবে। সেদিনই ফলাফল ঘোষণা করা হবে।
আরও পড়ুন:
আন্দোলনের মুখে রাকসুতে ভোটার হলেন প্রথম বর্ষের শিক্ষার্থীরা
দেরিতে হলে প্রবেশ: রাবির ৯১ ছাত্রীকে নোটিস, সমালোচনার মুখে প্রত্যাহার
রাকসু: মনোনয়নপত্র বিতরণের সময় বাড়ল ২ দিন
রাকসু: প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভোটাধিকার নিশ্চিতের দাবিতে ছাত্
রাকসু: ভাঙচুর-ধস্তাধস্তি, দুই ঘণ্টা বন্ধ মনোনয়ন ফরম বিতরণ
রাকসু: প্রথম বর্ষের অন্তর্ভুক্তির বৈঠক থেকে ছাত্রদল-ছাত্রজোটের 'ও
রাকসু নির্বাচন: ভাঙচুর, ধস্তাধস্তির পর ফের মনোনয়ন বিতরণ শুরু