টাঙ্গাইলে ৩ লাশ উদ্ধার
পুলিশ বলছে, একজনের লাশ সড়ক থেকে ও একজনের পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। বাকি একজনের মৃত্যু হয় সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নেমে।
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় তিনটি আলাদা স্থান থেকে তিনজনের লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার দুপুরে উপজেলা সদর, বানিয়াপাড়া ও কাশতলা ভিটিবাড়ি থেকে লাশ তিনটি উদ্ধার করা হয় বলে ঘাটাইল থানার ওসি সজল খান জানান।
মৃতদের মধ্যে দুইজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- কাশতালা এলাকার এসহাক আলীর ছেলে সাজ্জাদ হোসেন (৪৫) ও চান্দুসি গ্রামের গোলাপ হোসেনের ছেলে জুলহাস উদ্দিন (৫০)।
স্থানীয়দের বরাতে ওসি সজল জানান, সকালে টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের ঘাটাইল উপজেলার বানিয়াপাড়া এলাকায় রাস্তার পাশে এক বৃদ্ধের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে।
তিনি বলেন, “নিহতের শরীরের বিভিন্ন জায়গায় কাটাছেঁড়ার চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, রাতের কোন এক সময় গাড়ির ধাক্কা লেগে তার মৃত্যু হয়েছে।”
দুপুরে কাশতলা ভিটিবাড়ি এলাকার একটি পুকুরের কচুরিপানার নিচে সাজ্জাদের মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেওয়া হয়। পরে পুলিশ গিয়ে তা উদ্ধার করে।
দিঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক হোসেন ফনি বলেন, “সাজ্জাদের মাথায় ও হাতে আঘাতের চিহ্ন রয়েছে। মনে হয় এটা একটি পরিকল্পিত হত্যাকাণ্ড।”
এছাড়া বেলা ১টার দিকে উপজেলা সদরে সাবেক এক সেনা সদস্যের বাসায় সেপটিক ট্যাংক পরিষ্কার করার সময় জুলহাসের মৃত্যু হয়েছে বলে ওসি সজল জানিয়েছেন।
এ পুলিশ কর্মকর্তা বলেন, লাশ তিনটি ঘটনাস্থল থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
