২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাদারীপুরে জমি নিয়ে দ্বন্দ্বের জেরে সংঘর্ষ, আহত ১০

গুরুতর আহত তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মাদারীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2025, 06:12 PM

Updated : 10 Sep 2026, 12:33 PM

মাদারীপুরের ধুরাইলে জমি নিয়ে দ্বন্দ্বের জেরে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। গুরুতর আহত তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

সোমবার দুপুর ১২টার দিকে সদর উপজেলার ধুরাইল ইউনিয়নের হোসেনের হাট এলাকায় এ ঘটনা ঘটে বলে মাদারীপুর সদর থানার ওসি মোকছেদুর রহমান জানান।

ধারালো অস্ত্রের আঘাতে আহতরা হলেন, মিজানুর রহমান (৪৫), মাসুদ হাওলাদার (৪৭), সোনা মিয়া (৪৬)। 

পুলিশ, আহতদের পরিবার ও স্থানীয়রা জানান, হোসেনের হাট এলাকার সিরাজুল ইসলাম হাওলাদার ও তার ভাইদের সঙ্গে একই এলাকার খোকন হাওলাদারের জমি নিয়ে বিরোধ ছিল। 

সোমবার বেলা ১১টার দিকে খোকন হাওলাদার তার লোকজন নিয়ে জমি মেপে খুঁটি স্থাপন করতে গেলে সিরাজুল ইসলাম হাওলাদার ও তার ভাইয়েরা বাধা দেন। তখন খোকন হাওলাদার তার লোকজন নিয়ে হামলা চালান। 

এতে সিরাজুল ইসলামের কমপক্ষে ওই তিনজনসহ উভয় পক্ষের  ১০ জন আহত হন। তাদের উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

মাদারীপুর সদর থানার ওসি মোকছেদুর রহমান বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনো থানায় কেউ লিখিত অভিযোগ দেননি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”