২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টাঙ্গাইলে বাল্কহেডের সঙ্গে নৌকার সংঘর্ষ, একজ‌নের লাশ উদ্ধার

এ ঘটনায় বাল্কহেডের চালক ও তার সহকারীকে আটক করেছে পুলিশ।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Sep 2024, 10:08 PM

Updated : 26 Aug 2026, 10:26 AM

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ধ‌লেশ্বরী নদী‌তে বালুবাহী বাল্ক‌হে‌ডের সঙ্গে যাত্রীবাহী নৌকার সংঘ‌র্ষে পা‌নি‌তে প‌ড়ে নি‌খোঁজ দুইজনের মধ্যে একজ‌নের মৃত‌দেহ উদ্ধার করেছে ফায়ার সা‌র্ভিস।

সোমবার দুপুরে উপজেলার জোকারচরে নদী‌তে এ ঘটনার পর বাল্কহেডের চালক ও তার সহকারীকে আটক করা হয়েছে বলে জানান টাঙ্গাইল নৌ-পুলিশের এসপি মোহাম্মদ সোহেল রানা।

নিহত বাবু প্রামানিক (৩৫) টাঙ্গাইল সদর উপজেলার রাঙ্গাচুইরা গ্রামের প্রয়াত রহম প্রামানিকের ছেলে। নিখোঁজ মুক্তার হোসেন (৩২) উপজেলার দুর্গাপুর গ্রামের সামছুল হকের ছেলে। 

আটকরা হলেন- বাল্কহেডের চালক মাসুম বরগুনার আমতলী উপজেলার দক্ষিণ পশ্চিম গ্রামের তোতা গাজীর ছেলে এবং চালকের সহকারী রাশেদুল ইসলাম একই এলাকার প্রয়াত জাহাঙ্গীরের ছেলে।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, দুপু‌রে নৌকায় করে কয়েকজন যাত্রী ধলেশ্বরী নদী পার হচ্ছিলেন। এ সময় বালুভর্তি একটি বাল্কহেডের ধাক্কায় নৌকা থেকে যাত্রীরা নদীতে পড়ে যান।

কয়েকজন যাত্রী সাঁতরে তীরে উঠতে পারলেও বাবু ও মুক্তার নদীতে তলিয়ে যান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল নদী‌তে তল্লাশি চালিয়ে বাবুর লাশ উদ্ধার করেন। 

টাঙ্গাইল ফায়ার সা‌র্ভিসের সহকা‌রী প‌রিচালক শ‌ফিকুল ইসলাম ভূঁইয়া জানান, একজনের লাশ উদ্ধার করা গেলেও আরেকজন এখনো নিখোঁজ আছেন। সন্ধ‌্যা হওয়ায় উদ্ধার কার্যক্রম সমা‌প্তি ঘোষণা করা হ‌য়ে‌ছে। 

এসপি মোহাম্মদ সোহেল রানা জানান, বাল্ক‌হে‌ডের চালক ও তার সহকারীকে আটকের পাশাপাশি নৌযানটি জব্দ করা হয়েছে।