০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

চুয়াডাঙ্গা সীমান্তে ১১ জনকে ‘পুশ ইনের’ চেষ্টা, বিজিবির বাধায় সরিয়ে নিল বিএসএফ

দর্শনার জয়নগর সীমান্তে ভারতীয় অংশে ভোরের দিকে বিএসএফ তাদের জড়ো করেছিল বলে ভাষ্য বিজিবির।

চুয়াডাঙ্গা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2026, 11:59 AM

Updated : 19 Sep 2026, 02:29 PM

চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত দিয়ে ১১ জনকে ঠেলে দেওয়ার চেষ্টা করেছে বিএসএফ। তবে বিজিবির বাধায় তাদেরকে সীমান্ত এলাকা থেকে সরিয়ে নেয় ভারতীয় সীমান্তরক্ষা বাহিনী। 

রোববার ভোরে জয়নগর সীমান্তে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান। 

বিজিবি ও প্রত্যক্ষদর্শীরা জানান, দর্শনা আন্তর্জাতিক চেকপোস্টের পাশে ৭৭ নম্বর মেইন পিলার সংলগ্ন ভারতীয় অংশে ভোরের দিকে ১১ জনকে জড়ো করে বিএসএফ। তাদেরকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করা হয়।

খবর পেয়ে দ্রুত সতর্ক অবস্থান নেয় বিজিবি সদস্যরা। তাদের সঙ্গে যোগ দেন গ্রামবাসীরাও। পরিস্থিতি বুঝে শেষ পর্যন্ত পিছু হটতে বাধ্য হয় বিএসএফ। পরে ওই ১১ জনকে শূন্যরেখা থেকে সরিয়ে নেওয়া হয়।

লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান বলেন, “বিএসএফের পক্ষ থেকে পুশ ইনের চেষ্টা করা হয়েছিল। বিজিবি তা প্রতিহত করেছে। পরে সংশ্লিষ্ট ব্যক্তিদের সীমান্ত এলাকা থেকে সরিয়ে নেওয়া হয়।”