Published : 14 Jul 2026, 09:54 PM
গণভোটের রায় অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
তিনি বলেছেন, “গণভোটের রায় উপেক্ষা করে জুলাই সনদ বাস্তবায়ন না করলে এই সরকারের পরিণতি পতিত ফ্যাসিস্ট সরকারের মতই হবে।”
এনসিপি নেতা বলেন, “এ দেশে দিল্লির তাবেদারি চলবে না। শহীদ হাদীর রক্ত আমরা বৃথা যেতে দেব না।”
‘দেশ গড়তে জুলাই জাগরণ’ স্লোগানে মঙ্গলবার বিকালে পদযাত্রা শেষে বগুড়ার দুপচাঁচিয়ায় তিনি এসব কথা বলেন। উপজেলার সিও অফিস বাসস্ট্যান্ড এলাকায় এ সভা হয়।
সারজিস আলম বলেন, “তারেক রহমান এখন বাংলাদেশের প্রধানমন্ত্রী। বগুড়ার মানুষ তাকে নিয়ে গর্ব করতে পারে, বাংলাদেশের মানুষও গর্ব করতে পারে। কিন্তু স্পষ্ট করে একটি কথা বলতে চাই।
কিন্তু আপনি আপনার যোগ্যতায় বাংলাদেশের প্রধানমন্ত্রী হন নাই।
“১৭ বছর পর আপনি যখন দেশে আসেন, দেশের মানুষ যখন আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়াকে শেষবারের মত বিদায় দিয়েছে, যখন তাদের সামনে মেজর জিয়াউর রহমানের মুখখানি ভেসে উঠেছে- এ দুজনের মুখের দিকে চেয়ে জনগণ ধানের শীষে ভোট দিয়েছে।”
এনসিপি নেতা বলেন, “আপনি যদি এই আমানত রক্ষা করতে পারেন তাহলে জনগণ আগামীতে আপনাকে ভোট দেবেন। যদি আমানত রক্ষা করতে না পারেন, যদি জুলাই সনদ বাস্তবায়ন করতে না পারেন আগামীতে ধানের শীষ তথা বিএনপিকে জনগণ ভোট দেবেন না।”
বগুড়া জেলা এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব ইজাজ আল ওয়াসী জ্বীমের পরিচালনায় পথসভায় বক্তব্য দেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, যুগ্ম সদস্যসচিব গাজী সালাউদ্দিন তানভীর, যুগ্ম মুখ্য সংগঠক সাদিক মাহাদী, জেলা এনসিপির আহ্বায়ক এম এস এ মাহমুদ, সদস্যসচিব সুলতান মাহমুদ, এনসিপির দুপচাঁচিয়া উপজেলা প্রধান সমন্বয়কারী ও এনসিপি মনোনীত দুপচাঁচিয়া পৌরসভার মেয়র প্রার্থী আবু বক্কর সিদ্দিক।
সেখান থেকে ফিরে এনসিপি নেতাকর্মীরা বগুড়া শহরে পদযাত্রা করেন। পরে রাত ৮টায় বগুড়ার জিরো পয়েন্ট সাতমাথায় সমাবেশ করেন তারা।
সমাবেশের সামনে-পিছনে কঠোর পুলিশি নিরাপত্তা ছিল। সাতমাথা থেকে টেম্পল রোড এবং গালপাট্টি রোডে মানুষ এবং যানবাহন চলাচল বন্ধ করে দেয় পুলিশ।