২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পঞ্চগড়ে ন্যায্যমূল্যের বাজারে ক্রেতাদের ভিড়

একদল সেচ্ছাসেবী প্রতিদিন ভোরে কৃষকের খেত থেকে সবজি কিনে এনে এই বাজারে বিক্রি করছেন।

পঞ্চগড় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Nov 2024, 10:48 PM

Updated : 26 Aug 2026, 10:58 AM

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ঠেকানো পঞ্চগড় সদরে চালু হয়েছে ন্যায্যমূল্যের সবজি বাজার। উদ্বোধনের পরপর বাজারে ক্রেতাদের উপচে পড়া ভিড় দেখা গেছে। কম দামে সবজি পেয়ে খুশি ক্রেতারাও।

বৃহস্পতিবার সকাল ১০টায় জেলা প্রশাসনের আয়োজনে পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম চত্বরে এ বাজার উদ্বোধন করেন পঞ্চগড় জেলা প্রশাসক মো. সাবেত আলী।

‘খেত থেকে আনা কৃষকের পণ্য, সুলভ মূল্যে জনগণের জন্য’ প্রতিপাদ্য নিয়ে ন্যায্য মূল্যের এই বাজার কার্যক্রম পরিচালনা করছেন সম্মিলিত সেচ্ছাসেবী ফোরামের সদস্যরা; যাদের অধিকাংশই শিক্ষার্থী।

ন্যায্যমূল্যের বাজারে প্রতি কেজি আলু ৫৫ টাকা, করলা ২০, মরিচ ৬৫, পেঁয়াজ ৮০, বেগুন ২০, প্রতিটি লাউ ২০ টাকা, প্রতিকেজি শিম ৬০ টাকা, বাঁধা কপি ৪০, লাল শাক ৩০, মুলা ৩৫, ডাটা ১৮ এবং পালং শাক ২৫ টাকা দরে বিক্রি হচ্ছে। 

সেচ্ছাসেবীরা সরাসরি চাষির খেত থেকে সবজি কিনে এনে বাজারের চেয়ে কম মূল্যে বিক্রি করছেন। বাজারে আলুর কেজি ৭৫ টাকা হলেও ন্যায্যমূল্যের বাজারে তা ৫৫ টাকায় পাওয়া যাচ্ছে।

সম্মিলিত স্বেচ্ছাসেবী ফোরামের প্রধান সমন্বয়ক আহসান হাবিব জানান, সংগঠনের স্বেচ্ছাসেবীরা দোকান পরিচালনা করছেন। বাজার সিন্ডিকেট ভাঙতে এবং সাধারণ মানুষ যাতে কমমূল্যে শাক সবজি কিনতে পারেন, তাই এ দোকান চালু করেছেন তারা। 

তিনি বলেন, “প্রতিদিন ভোরে কৃষকের সবজি খেত থেকে আমরা সবজি কিনে এনে এখানে বিক্রি করছি। এতে মধ্যস্বত্বভোগীরা অতি মুনাফা করতে পারছে না। কৃষকও ন্যায্য দাম পাচ্ছে। সেইসঙ্গে সাধারণ মানুষও কম দামে শাক সবজি কিনতে পারছেন। এ ছাড়া দরিদ্র পরিবারদের জন্য সবজি দান বাক্সও আছে। ক্রেতারা ইচ্ছে করলে দরিদ্রদের জন্য সবজি কিনে সেখানে রাখতে পারবেন।”

আলুর সিন্ডিকেট ভাঙতে জেলার বিভিন্ন হিমাগার থেকে বুধবার ১৪ টন আলু কিনেছে জেলা প্রশাসন; যা বিভিন্ন উপজেলায় কম দামে বিক্রির জন্য সরবরাহ করা হচ্ছে বলে জানান এই স্বেচ্ছাসেবী।

জেলা প্রশাসক সাবেত আলী জানান, বাজার স্থিতিশীল রাখতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। সারাদিন এই বাজার খোলা থাকবে। ক্রেতারা দিনের যেকোনো সময় এ বাজার থেকে নিত্যপণ্য সংগ্রহ করতে পারবেন। সাধারণ মানুষ যাতে ন্যায্যমূল্যে শাক-সবজি কিনতে পারেন তাই এই উদ্যোগ।

চাহিদা, যৌক্তিকতা এবং উদ্যোক্তা পেলে এই বাজার আরও সম্প্রসারণ করা হবে বলে জানান তিনি।

এ সময় পঞ্চগড়ের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সীমা শারমিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাকির হোসেন উপস্থিত ছিলেন।