২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুড়িগ্রামে বিএনপি নেতার বাড়িতে হামলা, বৈষম্যবিরোধী নেতা কারাগারে

জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহ্বায়ক হাসান জিহাদি মুখ্য বিচারিক হাকিম আদালতে আত্মসমর্পণ করতে আসেন।

কুড়িগ্রাম প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2026, 05:15 PM

Updated : 26 Aug 2026, 03:00 PM

কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় নির্বাচন পরবর্তী সময়ে বিএনপি নেতার বাড়িতে হামলা-ভাঙচুরের মামলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক নেতাকে কারাগারে পাঠানো হয়েছে। 

জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহ্বায়ক হাসান জিহাদি রোববার দুপুরে মুখ্য বিচারিক হাকিম (রাজারহাট আমলি) আদালতে আত্মসমর্পণ করতে আসেন। শুনানি শেষে বিচারক মো. মমতাজুল হাসান তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বলে রাজারহাট থানার ওসি আবদুল ওয়াদুদ জানান।   

হাসান জিহাদী রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের পশ্চিম দেবত্তর গ্রামের রাজিকুল ইসলামের ছেলে।

মামলার বরাতে পুলিশ জানায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর ১৪ ফেব্রুয়ারি রাতে রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের খিতাবখাঁ সরিষাবাড়ী এলাকায় বিএনপির নেতা ও সাবেক ইউপি সদস্য মো. শহিদুল ইসলামের বাড়িতে হামলার ঘটনা ঘটে।

অভিযোগে বলা হয়েছে, হাসান জিহাদী ও তার সমর্থকরা দেশীয় অস্ত্র নিয়ে বাড়িতে হামলা চালায়। এ সময় টিনের বেড়া ভাঙচুর এবং নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার চুরির ঘটনা ঘটে। 

এ ঘটনায় শহিদুল ইসলাম রাজারহাট থানায় মামলা করেন। 

তবে অভিযোগ অস্বীকার করেছেন হাসান জিহাদী। তার দাবি, গত সপ্তাহে উচ্চ শব্দে গান বাজানোকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে বিরোধের সূত্রপাত হয়। এতে এলাকার বয়স্ক ব্যক্তি ও শিক্ষার্থীরা অসুবিধায় পড়েন। এ কারণে হাসান জিহাদী আপত্তি জানান। 

“এতে ক্ষিপ্ত হয়ে শহিদুল ইসলাম ও তার লোকজন আমার ওপর হামলা চালায়। পরে ঘটনাটি ভিন্ন খাতে নিতে নিজেদের বাড়ির আসবাবপত্র এলোমেলো করে আমাদের বিরুদ্ধে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত মামলা করা হয়েছে।”

রাজারহাট থানার ওসি আবদুল ওয়াদুদ বলেন, মামলায় ১৫ জনকে আসামি করা হয়েছে।