শেরপুরে আওয়ামী লীগ নেতার আগাম জামিন বাতিল, পরোয়ানা জারি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হতাহতের ঘটনায় করা একাধিক মামলায় উচ্চ আদালত থেকে অন্তর্বর্তী জামিনে আছেন আওয়ামী লীগ নেতা চন্দন পাল।
শেরপুর জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক চন্দন কুমার পালের আগাম জামিন বাতিল করেছে আদালত। সেইসঙ্গে তার বিরুদ্ধে পরোয়ানা জারি করা হয়েছে।
সোমবার বিশেষ ক্ষমতা আইনের একটি মামলায় জামিনে মুক্ত আসামি চন্দন কুমার পালের পক্ষে করা আবেদনের শুনানি না করায় তা নামঞ্জুর করে গ্রেপ্তারি পরোয়ানার আদেশ দেন জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. হাসান ভূঁইয়া।
আদালতে শুনানিতে অংশ নেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) আব্দুল মান্নান। তাকে সহায়তা করেন বিশেষ পিপি আশরাফুন্নাহার রুবী ও কোর্ট পুলিশের পরিদর্শক জিয়াউর রহমান।
এ ছাড়া জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক মাহামুদুল হাসান রাকিব, এনসিপি নেতা রাশেদুল হাসান দেওয়ান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা শাহনূর রহমান সায়েম এবং মোর্শেদ জিতু উপস্থিত ছিলেন।
এদিকে আওয়ামী লীগ নেতা চন্দন পালের জামিন ইস্যুতে বিচারক ও পিপির অপসারণসহ সাত দফা দাবিতে সকাল থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী এবং জুলাই আন্দোলনে হতাহত পরিবারের সদস্যরা আদালত এলাকায় ও জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বিক্ষোভসহ অবস্থান কর্মসূচি পালন করেন।
সম্প্রতি আওয়ামী লীগ নেতা চন্দন কুমার পাল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হতাহতের ঘটনায় ছয় মামলায় উচ্চ আদালত এবং সবশেষ আরও একটি মামলায় ২৮ সেপ্টেম্বর শেরপুর জেলা দায়রা আদালত থেকে অন্তর্বর্তীকালীন জামিন পান। পরদিন তিনি জেলা কারাগার থেকে মুক্তি পান।
চন্দন কুমার পালের মুক্তির খবর জানাজানি হলে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক তোলপাড় শুরু হয়। গুঞ্জন ওঠে, তিনি জামিনে মুক্তির পর দেশত্যাগ করেছেন। বিষয়টি নিয়ে পক্ষে বিপক্ষে সংবাদ সম্মেলনের পর ৬ অক্টোবর সকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ‘জুলাই যোদ্ধা’ ও শহীদ পরিবারের সদস্যরা আদালত, পুলিশ সুপারের কার্যালয় ও জেলা প্রশাসকের কার্যালয়ের গেইট অবরোধ করেন।
পরে ওই দিন বিকালে চন্দন পালের পাসপোর্ট জব্দ ও দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আদালতে আবেদন করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। শুনানি শেষে জেলা ও দায়রা জজ মোহাম্মদ জহিরুল কবির রাষ্ট্রপক্ষের আবেদন মঞ্জুর করে চন্দন পালের পাসপোর্ট জব্দ ও দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দেন।
