২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে পারিবারিক সালিসে ভ্যান চালককে পিটিয়ে হত্যা

সদর উপজেলার খোকসাবাড়ি ইউনিয়নের ব্রাহ্মণগাতি গ্রামে এ ঘটনা ঘটে।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2025, 03:19 PM

Updated : 26 Aug 2026, 05:17 PM

সিরাজগঞ্জ সদর উপজেলায় পারিবারিক সালিসে এক ভ্যান চালককে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

সিরাজগঞ্জ সদর থানার এসআই সোহাগ হোসাইন বলেন, বুধবার সন্ধ্যায় উপজেলার খোকসাবাড়ি ইউনিয়নের ব্রাহ্মণগাতি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত হারান আলী সেখ (৫৫) উপজেলার বহুলী ইউনিয়নের নিয়ামতপুর গ্রামের আবেদ আলীর ছেলে।

নিহতের ছেলে ইকবাল হোসেন বলেন, তার বোন শাপলা ও বোন জামাই আবুল কালামের মধ্যে পারিবারিক বিরোধ চলছিল। এ নিয়ে বুধবার বিকালে বোন জামাইয়ের বাড়িতে সালিস বৈঠক বসে।

“বৈঠকের শেষ দিকে আমার বোন জামাই ও তার পরিবারের লোকজন মিলে হামলা চালায়। এ সময় দেশীয় অস্ত্র দিয়ে বাবা-মা, বোন, ভাগনে ও আমাকে মারধর করা হয়। বাবাকে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।”

হারান আলী সেখের স্ত্রী মরিয়ম বেগম, ছেলে ইকবাল হোসেন, মেয়ে শাপলা খাতুন ও নাতি আল আামিন হাসপাতালে চিকিৎসাধীন।

বহুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরহাদ হোসেন বলেন, “হারান আলী সেখের মেয়ে ও মেয়ের জামাইয়ের মধ্যে পারিবারিক বিরোধ সমাধানের জন্য সালিস বৈঠক চলছিল। শেষের দিকে মেয়ে জামাইয়ের পরিবারের লোকজন সেখানে হামলা চালায়। এ সময় হারান আলী সেখসহ তার পরিবারের লোকজনকে মারধর করা হলে বৈঠক পণ্ড হয়ে যায়।” 

সদর থানার এসআই সোহাগ হোসাইন বৃহস্পতিবার দুপুরে বলেন, মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। কেউ গ্রেপ্তার হয়নি। মামলার প্রস্তুতি চলছে।