১৪৬ দিন পর ক্লাস শুরু, প্রাণবন্ত শাহজালাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস
সকাল থেকেই ক্যাম্পাসে ‘প্রাণভরা উচ্ছ্বাস’ নিয়ে ফিরতে দেখা যায় শিক্ষার্থীদের।
শিক্ষকদের পেনশনের ‘প্রত্যয় স্কিম’ বাতিলের আন্দোলনের পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও নানা সরকারি ছুটিতে ১৪৬ দিনের স্থবিরতাকে কাটিয়ে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অ্যাকাডেমিক কার্যক্রম শুরু করেছে।
রোববার শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষায় ফেরার মাধ্যমে স্বস্তি ও প্রাণবন্ত পরিবেশ বিরাজ করছে আন্দোলন থেকে ফেরা শিক্ষার্থীদের মাঝে।
এদিন সকাল থেকেই ক্যাম্পাসে ‘প্রাণভরা উচ্ছ্বাস’ নিয়ে ফিরতে দেখা যায় শিক্ষার্থীদের।
বিশ্ববিদ্যালয় খোলার প্রথম দিনই টার্ম টেস্ট দিয়ে আন্দোলন পরবর্তী ক্যাম্পাস জীবন শুরু হয় বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের।
এছাড়া কোর্সের বাকি থাকা সিলেবাসের ক্লাস হচ্ছে বলেও জানান সংশ্লিষ্ট বিভাগের শিক্ষার্থীরা।
গত জুলাইয়ে অধিকাংশ বিভাগের শিক্ষার্থীদের সেমিস্টার ফাইনাল পরীক্ষা হওয়ার কথা ছিল। কিন্তু পেনশন স্কিম বাতিলের আন্দোলনে কর্মবিরতি ঘোষণা করেন শিক্ষকরা।
এরপর কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সব ক্লাস-পরীক্ষা বর্জন করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
আন্দোলনের পরিপ্রেক্ষিতে ৫ অগাস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পরপরই উপাচার্য, উপউপাচার্য, কোষাধ্যক্ষসহ বিভিন্ন দপ্তরের প্রশাসনিক ব্যক্তিদের পদত্যাগের হিড়িক পড়ে। এতে পুরোপুরি বন্ধ হয়ে যায় প্রশাসনিক ও অ্যাকাডেমিক কার্যক্রম।
বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও অ্যাকাডেমিক স্থবিরতা কাটাতে গত ২ সেপ্টেম্বর ভারপ্রাপ্ত উপাচার্য হিসেবে পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক বদিউজ্জামান ফারুককে নিয়োগ দেয় শিক্ষা মন্ত্রণালয়।
কিন্তু তিনিও অনলাইনভিত্তিক ক্লাস কার্যক্রম চালু ছাড়া অ্যাকাডেমিক কোনো কার্যক্রম চালুতে উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারেননি।
গত ১৮ সেপ্টেম্বর উপাচার্য, উপউপাচার্য ও কোষাধ্যক্ষ নিয়োগের পর ২৫ সেপ্টেম্বর জরুরি সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয়। সভায় বিভাগগুলোকে ২০ অক্টোবর থেকে ১৯ নভেম্বরের মধ্যে আটকে থাকা চলতি সেমিস্টারের ক্লাস পরীক্ষা শেষ করার নির্দেশনা দেওয়া হয়।
ওই নির্দেশনার পরিপ্রেক্ষিতে বিভাগগুলো ২০ থেকে ২৩ অক্টোবরের মধ্যে সেমিস্টারের বাকি থাকা ক্লাস ও টার্ম টেস্ট নেওয়ার প্রক্রিয়া নিয়ে ২৪ অক্টোবর থেকে সেমিস্টার ফাইনালের রুটিন প্রকাশ করা হয়েছে বলে জানান বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানরা।
এদিকে, সরকার পতনের পর ক্যাম্পাস খোলার প্রথমদিনে দেখা যায়, সকাল থেকেই ক্লাসে ফেরা শিক্ষার্থীদের বিচরণ শুরু হয়েছে ক্যাম্পাসে। সমাজবিজ্ঞান, অর্থনীতি বিভাগ, পুর ও পরিবেশ প্রকৌশল বিভাগসহ বিভিন্ন বিভাগে টার্ম টেস্ট অনুষ্ঠিত হয়েছে।
এছাড়া পলিটিক্যাল স্টাডিজ বিভাগ, অর্থনীতি বিভাগ, ভূগোল ও পরিবেশ বিভাগ, সমাজকর্ম বিভাগ ও লোকপ্রশাসনসহ বিভিন্ন ক্লাস কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে বলে জানান শিক্ষার্থীরা।
কেমি কৌশল ও পলিমার বিজ্ঞান বিভাগ, শিল্প ও উৎপাদন প্রকৌশল বিভাগ, পদার্থবিজ্ঞান বিভাগসহ কয়েকটি বিভাগে কোনো ক্লাস বা টার্ম টেস্ট অনুষ্ঠিত হয়নি।
তবে এসব বিভাগে ২২ ও ২৪ অক্টোবর থেকে সেমিস্টার ফাইনাল শুরু হবে বলে জানান বিভাগগুলোর শিক্ষার্থীরা।
তাই এসব বিভাগের শিক্ষার্থীরা সেমিস্টার ফাইনাল পরীক্ষার প্রবেশপত্র সংগ্রহের জন্য অফিস কার্যালয়ে ভিড় করতে দেখা যায়।
সব মিলিয়ে ক্লাস কার্যক্রম শুরুর প্রথম দিনে শিক্ষার্থীদের উপস্থিতি ছিল উল্লেখ করার মত।
দীর্ঘদিন পর অ্যাকাডেমিক কার্যক্রমে ফিরে পুর ও পরিবেশ প্রকৌশল বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ইয়ামান মোর্শেদ বলেন, “ক্যাম্পাস খোলার প্রথমদিন কোনো ক্লাস ছিল না। ২৪ অক্টোবর সেমিস্টার ফাইনাল শুরু হবে। তাই বন্ধুবান্ধব মিলে বিভাগে পরীক্ষার প্রবেশপত্র সংগ্রহ করতে আসছি। দীর্ঘদিন পর ক্যাম্পাসের জুনিয়র-সিনিয়র অনেকের সঙ্গে সাক্ষাৎ। অনেকদিন পর আমরা সবাই একসঙ্গে হতে পেরে বেশ ভালোই লাগছে।”
তার দাবি, “সরকার পতনের আন্দোলনে আমরা প্রায় ৫ মাস পিছিয়ে গিয়েছি। এখন পুনরায় বিশ্ববিদ্যালয় স্বাভাবিক হতে শুরু করেছে। ক্যাম্পাসে ফিরে মনটা অনেক হালকা লাগছে। বিশ্ববিদ্যালয়ে সবসময় স্বাভাবিক পড়াশোনার পরিবেশ বজায় থাকুক, এতটুকুই আমাদের চাওয়া।”
অর্থনীতি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী কাওসার আহমেদের ভাষ্য, “আন্দোলন পরবর্তী ক্যাম্পাসের পরিবেশ অনেকটাই ভিন্ন। আগে হলের সিট কেন্দ্রীক রাজনীতি চলত। প্রশাসন এখন হলের সিট বণ্টন করায় আগের চিত্র নেই। একইসঙ্গে এখনকার প্রশাসনও অনেক বেশি শিক্ষার্থী বান্ধব।
“৫ দিন হল হলে উঠছি। এখন হলে যে পরিবেশ দেখতে পাচ্ছি, তা ছিল এক সময় অকল্পনীয়। কোনো রাজনীতি আধিপত্য নেই। একইসঙ্গে হল প্রভোস্ট স্যাররা শিক্ষার্থীদের সঙ্গে কত সুন্দর ব্যবহার করে, রুমে রুমে গিয়ে ছাত্রদের খোঁজ-খবর নেন। প্রভোস্ট স্যাররা আমাদের সঙ্গে বসে ডাইনিংয়ে খাবারও খান। এমন প্রশাসনই চেয়েছিলাম আমরা।”
সরকার পতন-পরবর্তী ক্যাম্পাসের পরিবেশ নিয়ে তিনি বলেন, “তবে ক্যাম্পাসের পরিবেশ হলের পরিবেশ থেকে অনেকটা ভিন্ন। এখন ক্যাম্পাসে অনেক শিক্ষার্থীকে দলীয় কোরাম করে চলতে দেখা যাচ্ছে। সবাই যেন নিজ দলে, নিজ মতাদর্শে লোক ভেড়াতে ব্যস্ত। এমনকি অনেকে নিজের ক্ষমতা জাহির করতে নেতার ভঙ্গি নিয়ে কথা বলছেন।”
তিনি আরও বলেন, “আবার একদল শিক্ষার্থীর মুখে যেন মলিনতার চাপ। প্রশাসন মেধা ও আর্থিক অবস্থার ভিত্তিতে হলে সিট বণ্টন করেছে। এতে ৬০ শতাংশই মেধা। সাধারণত ক্লাসের সেরা ৫ মেধাবী শিক্ষার্থীর মধ্যে অনেকই ওয়েল ডেভেলপমেন্ট। আবার দেখা যাচ্ছে, অনেকের সত্যিকার আর্থিক অবস্থার খারাপ থাকা সত্ত্বেও সিট পায়নি। এদের মত শিক্ষার্থীদের কাছে বিভিন্ন রাজনৈতিক দলের জনশক্তি বাড়ানোর জন্য নানা চাপ ও অফার আসছে। তাহলে এদের মধ্যে তো মলিনতার চাপ থাকবেই।”
ক্যাম্পাসের পরিবেশ নিয়ে ইংরেজি বিভাগের শিক্ষার্থী রোমানা ওবায়দা বলেন, “বহুদিন পর ক্যাম্পাসে আসছি; ক্লাসও করলাম। কেমন যেন একটা মানসিক প্রশান্তি লাগতেছে, ভাষার প্রকাশ করার মত না। এতদিন যেন একটা আবদ্ধ ঘরে ছিলাম। আমি যে স্টুডেন্ট সে অনুভূতিটাই হারিয়ে গেছিল। এজন্য দ্রুত ক্লাসে ফেরাটা জরুরি ছিল।”
সমাজবিজ্ঞান বিভাগের স্নাতকোত্তর ক্লাসের শিক্ষার্থী বশির শাহ বলেন, “করোনা, ভিসিবিরোধী আন্দোলন ও কোটা সংস্কার আন্দোলনের কারণে আমরা একাডেমিকভাবে প্রায় দুই বছর পিছিয়ে গিয়েছি। ক্যাম্পাসের আড্ডা, পড়াশোনা ও ক্লাস পরীক্ষা ছাড়া দম বন্ধ হয়ে যাওয়ার মত অবস্থা ছিল। অনেকদিন পর ক্যাম্পাসে ফিরে ক্লাস করলাম। ভালোই লাগছে। তবুও মনের মধ্যে একটা ভীতি কাজ করে, কখন আবার সেশনজটে পড়ে যায়। সবকিছু কাটিয়ে রাজনীতি ও সেশনজটমুক্ত ক্যাম্পাস প্রত্যাশা আমাদের।”
গত ২৬ মে থেকে গ্রীষ্ম ও ঈদুল আজহার ছুটিতে বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কার্যক্রম বন্ধ ছিল। এরপর থেকে সর্বজনীন পেনশনের প্রত্যয় স্কিম বাতিলের দাবিতে শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের আন্দোলন; এরপর কোটাবিরোধী আন্দোলনের কারণে ১৭ জুলাই বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলসহ সবকিছু বন্ধ করে দেয় সরকার।
৫ অগাস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ছাত্রীরা তাদের হলে উঠতে পারলেও ছাত্ররা ৮ অক্টোবর থেকে হলে উঠে। তবে ক্লাস-পরীক্ষা বন্ধ ছিল দুর্গাপূজার জন্য। এতে সব মিলিয়ে ১৪৬ বন্ধের অস্থিরতা কাটিয়ে ক্লাসে ফিরে স্বস্তি প্রকাশ করছেন শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সরোয়ার উদ্দিন চৌধুরী বলেন, “সুষ্ঠু পরিবেশে শিক্ষার্থীরা ক্লাসে ফিরেছে। ঝুলে থাকা বিভিন্ন সেমিস্টারের পরীক্ষা আগামী ১৯ নভেম্বরের মধ্যে শেষ করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। পরবর্র্তীতে সেশনজট নিরসনে বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধানদের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেওয়া হবে।”
