২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পার্বত্য চট্টগ্রাম শাসনবিধি আইন রক্ষার দাবি পাহাড়িদের

আইনটিকে ‘পাহাড়িদের রক্ষাকবচ’ হিসেবে উল্লেখ করে দীর্ঘদিন ধরে এই আইনকে বিলুপ্ত করার ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেন তারা।

পার্বত্য চট্টগ্রাম শাসনবিধি আইন রক্ষার দাবি পাহাড়িদের
পার্বত্য চট্টগ্রাম শাসনবিধি বহাল রাখার দাবিতে মঙ্গলবার সকালে বান্দরবান জেলা শহরে প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেন বিভিন্ন নৃগোষ্ঠী সম্প্রদায়ের মানুষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বান্দরবান প্রতিনিধি. রাঙামাটি প্রতিনিধি. খাগড়াছড়ি প্রতিনিধি

Published : 09 Jul 2024, 08:54 PM

Updated : 01 Sep 2026, 10:50 AM

এক নজরে

আইনটিকে ‘পাহাড়িদের রক্ষাকবচ’ হিসেবে উল্লেখ করে দীর্ঘদিন ধরে এই আইনকে বিলুপ্ত করার ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেন তারা।

চিটাগাং হিল ট্র্যাক্টস রেগুলেশন বা ১৯০০ সালের পার্বত্য চট্টগ্রাম শাসনবিধি বাতিল না করার দাবি জানিয়ে পাহাড়ে মানববন্ধন, বিক্ষোভ মিছিল, স্মারকলিপি দেওয়াসহ কর্মসূচি পালন করেছে বিভিন্ন নৃগোষ্ঠীর লোকজন।

মঙ্গলবার সকালে বান্দরবান, খাগড়াছড়ি ও রাঙামাটিতে অনুষ্ঠিত হওয়া এসব কর্মসূচিতে আইনটিকে ‘পাহাড়িদের রক্ষাকবচ’ হিসেবে উল্লেখ করে দীর্ঘদিন ধরে এই আইনকে ‘বিলুপ্ত করার ষড়যন্ত্র’ চলছে বলে অভিযোগ করেন তারা।

২০০৩ সালে তৎকালীন বিএনপি সরকারের অ্যাটর্নি জেনারেল এ এফ হাসান আরিফের আবেদনের পরিপ্রেক্ষিতে হাই কোর্টের একটি বিভাগীয় বেঞ্চ ১৯০০ সালের পার্বত্য চট্টগ্রাম রেগুলেশনকে একটি মৃত আইন হিসেবে ঘোষণা করে।

পরবর্তীতে এই রায়ের বিরুদ্ধে আপিল করা হয়। ২০১৭ সালে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ শুনানি শেষে আইনটিকে ‘জীবিত ও বৈধ’ হিসেবে আখ্যায়িত করে বলবৎ রাখে।

এরপর ২০১৮ সালে রাঙ্গামাটি ও খাগড়াছড়ি জেলার বাসিন্দা আব্দুল আজিজ ও আব্দুল মালেক নামে দু’জন ব্যক্তি আবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগে এই রায়ের বিরুদ্ধে দুটি রিভিউ পিটিশন দাখিল করেন। চলতি মাসে এই রায়ের শুনানি হওয়ার কথা রয়েছে।

তাই এই আইনটি বহাল রাখার দাবিতে চাকমা, মারমা, ত্রিপুরা, তঞ্চঙ্গ্যা, ম্রো, খিয়াং, খুমী বম, পাংখোয়া, লুসাই, চাক নৃগোষ্ঠী সম্প্রদায়ের সামাজিক-ছাত্র-যুব সংগঠনের কর্মীসহ হেডম্যান-কারবারীদের অংশগ্রহণে বিভিন্ন কর্মসূচি পালিত হয়।

আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:

বান্দরবান: ১৯০০ সালের পার্বত্য চট্টগ্রাম শাসনবিধি বহাল রাখার দাবিতে মঙ্গলবার সকালে বান্দরবান জেলা শহরে প্রেস ক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি আয়োজন করা হয়।

এতে জেলার ১১টি নৃগোষ্ঠী সম্প্রদায়ের সামাজিক সংগঠন ও ছাত্র-যুব সংগঠনের কর্মীরা অংশ নেন।

মানববন্ধনে বিভিন্ন সম্প্রদায়ের নেতারা বলেন, ১৯০০ সালের পার্বত্য শাসনবিধি আইন পাহাড়িদের রক্ষাকবচ। কিন্তু এই আইন বাতিল করার জন্য হাইকোর্টে শুনানি চলছে। কিন্তু এটি বাতিল হলে পাহাড়িদের অস্তিত্ব বিলীনের সংকটের সম্মুখীন হবে।

মানববন্ধনে হেডম্যান-কারবারী কল্যাণ পরিষদের সভাপতি ও তারাছা মৌজার হেডম্যান হ্লথোয়াইহ্রী মারমা বলেন, পার্বত্য শাসনবিধি ১৯০০ আইন পাহাড়িদের সামাজিক রীতিনীতি ও অস্তিত্বকে সুরক্ষা করে আসছে। পাকিস্তান আমল এবং স্বাধীনতা পরবর্তী সময়েও এই আইনকে যথাযথ সম্মান দিয়ে বলবৎ রাখা হয়েছে। এখন দীর্ঘদিন ধরে এই আইনকে বিলুপ্ত করার জন্য একটা ষড়যন্ত্র চলছে।

"১৯০০ শাসনবিধি আইনকে বাতিল করা হলে এখানকার সংস্কৃতি ও বৈচিত্র্য হারাবে। এছাড়া এটি পার্বত্য চট্টগ্রাম চুক্তির বিধান, ধর্মনিরপেক্ষতা ও অসাম্প্রদায়িক চেতনার পরিপন্থি। আইনটি আগের মত বহাল রেখে ১৯৯৭ সালের পার্বত্য চুক্তি অনুযায়ী শান্তি প্রতিষ্ঠার প্রক্রিয়াকে এগিয়ে নিতে হবে।”

ঘণ্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচিতে আরও বক্তব্য দেন হেডম্যান-কাররবারী কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক উনিহ্লা মারমা, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অংচমং মারমা, ছাত্রনেতা মংচসিং মারমা ও তঞ্চঙ্গ্যা কল্যাণ সংস্থার জেলা কমিটির সভাপতি বিরুলাল তঞ্চঙ্গ্যা।

তারা বলেন, সামাজিক রীতিনীতি ও প্রথাগত চর্চাকে স্বীকৃতি দিয়ে ব্রিটিশ আমলে করা হয় এই আইন। যা হিল ট্র্যাক্টস ম্যানুয়াল নামেও পরিচিত। এ আইনের অধীনে পাহাড়ের অধিবাসীদের সামাজিক জীবন পরিচালিত হয়ে আসছে। প্রথাগত আইন, রীতিনীতি পালনের পাশাপাশি সামাজিক বিচারগুলোও এই বিধির আওতায় করা হয়।

মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি দেওয়া হয়।

রাঙামাটি:

১৯০০ সালের চিটাগাং হিল ট্র্যাক্টস রেগুলেশন (পার্বত্য চট্টগ্রাম শাসনবিধি) আইন বাতিলের ষড়যন্ত্র হচ্ছে বলে অভিযোগ করে আইনটিকে পাহাড়ের মানুষের ‘রক্ষাকবচ’ হিসেবে অভিহিত করেছেন রাঙামাটির বিশিষ্টজনরা।

রাঙামাটির বাঘাইছড়িতে ইউপিডিএফসহ চার সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

রাঙামাটির বাঘাইছড়িতে ইউপিডিএফসহ চার সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়ের সামনের সড়কে অনুষ্ঠিত মানববন্ধন থেকে তারা এমন অভিযোগ করেন।

মানববন্ধনে পার্বত্য চট্টগ্রাম নাগরিক কমিটির সভাপতি গৌতম দেওয়ানের সভাপতিত্বে বক্তব্য রাখেন শিক্ষাবিদ নিরূপা দেওয়ান, সাবেক উপসচিব প্রকৃতি রঞ্জন চাকমা, সিএইচটি হেডম্যান নেটওয়ার্ক সভাপতি শান্তি বিজয় চাকমা ও রাঙামাটি জেলা হেডম্যান অ্যাসোসিয়েশনের সভাপতি চিংকিউ রোয়াজা।

বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামে বসবাসরত পাহাড়ী জনগণ তথা স্থায়ী বাসিন্দারা ১৯০০ সালের পার্বত্য চট্টগ্রাম রেগুলেশনের মাধ্যমে কিছুটা হলেও প্রথাগত অধিকার ভোগ করে আসছেন। কিন্তু সরকার এই অধিকারকে সুরক্ষা না দিয়ে উল্টো তা আদালতের মাধ্যমে বাতিল বা অকার্যকর করে দেওয়ার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।

১৯০০ সালের আইনটির সঙ্গে পার্বত্য চট্টগ্রাম আইন, জেলা পরিষদ আইন, আঞ্চলিক পরিষদ আইন সবগুলো ওতপ্রোতভাবে জড়িত আছে। এখন এই আইনটি যদি বাতিল করা হয় তবে নানা ধরনের জটিলতা তৈরি হবে।

রাঙামাটির সদর উপজেলার কুতুকছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে পাহাড়ি ছাত্র পরিষদ, হিল উইমেন্স ফেডারেশন, গণতান্ত্রিক যুব ফোরাম ও পার্বত্য চট্টগ্রাম নারী সংঘ।

রাঙামাটির সদর উপজেলার কুতুকছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে পাহাড়ি ছাত্র পরিষদ, হিল উইমেন্স ফেডারেশন, গণতান্ত্রিক যুব ফোরাম ও পার্বত্য চট্টগ্রাম নারী সংঘ।

এদিকে আদালতের মাধ্যমে চিটাগাং হিল ট্র্যাক্টস রেগুলেশন বাতিলের ষড়যন্ত্র বন্ধের দাবিতে রাঙামাটির বাঘাইছড়িতে ইউপিডিএফসহ চার সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট, পাহাড়ি ছাত্র পরিষদ, হিল উইমেন্স ফেডারেশন ও গণতান্ত্রিক যুব ফোরাম-এর যৌথ ব্যানারে বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন সড়কের লাদুমুনি বাজারে এই বিক্ষোভের আয়োজন করা হয়।

মিছিল পরবর্তী সমাবেশে ইউপিডিএফের বাঘাইছড়ি ইউনিটের সংগঠক রুপেশ চাকমার সভাপতিত্বে ও গণতান্ত্রিক যুব ফোরামের সাজেক থানা কমিটির সদস্য নয়ন চাকমার সঞ্চালনায় বক্তব্য রাখেন পাহাড়ি ছাত্র পরিষদের বাঘাইছড়ি উপজেলা কমিটির সভাপতি পলেন চাকমা, গণতান্ত্রিক যুব ফোরামের উপজেলা সভাপতি বীর চাকমা, হিল উইমেন্স ফেডারেশনের উপজেলা সহ-সভাপতি জোস্না চাকমা ও পার্বত্য নারী সংঘের উপজেলা সভাপতি অর্চনা চাকমা।

সমাবেশে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন, সাজেক জুমচাষী কল্যাণ সমিতির সভাপতি জোতি লাল চাকমা।

এছাড়া দুপুরে রাঙামাটির সদর উপজেলার কুতুকছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে পাহাড়ি ছাত্র পরিষদ, হিল উইমেন্স ফেডারেশন, গণতান্ত্রিক যুব ফোরাম ও পার্বত্য চট্টগ্রাম নারী সংঘ। কুতুকছড়ি বড় মহাপুরুম উচ্চ বিদ্যালয়ের মূল ফটক থেকে বিক্ষোভ মিছিল শুরু করা হয়। মিছিলটি রাঙামাটি-খাগড়াছড়ি সড়ক হয়ে কুতুকছড়ি বাজার প্রদক্ষিণ করে পুনরায় বড় মহাপুরুম উচ্চ বিদ্যালয় মূল ফটকে সমাবেশে মিলিত হয়।

খাগড়াছড়ি প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে  নয়টি উপজেলার হেডম্যান-কারবারীর পাশাপাশি পাহাড়ি জনগোষ্ঠীর মানুষ অংশ নেন।

খাগড়াছড়ি প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে নয়টি উপজেলার হেডম্যান-কারবারীর পাশাপাশি পাহাড়ি জনগোষ্ঠীর মানুষ অংশ নেন।

সমাবেশে পার্বত্য চট্টগ্রাম নারী সংঘের রাঙামাটি জেলা সভাপতি রিনিশা চাকমার সভাপতিত্বে ও পিসিপি জেলা অর্থ সম্পাদক ঝিমিত চাকমার সঞ্চালনায় বক্তব্য রাখেন, গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সহ-সভাপতি ধর্মশিং চাকমা, হিল উইমেন্স ফেডারেশনের জেলা সভাপতি রিমি চাকমা ও পিসিপির জেলা সভাপতি তনুময় চাকমা।

একই দাবিতে একই সংগঠনগুলোর উদ্যোগে রাঙামাটির কাউখালি ও নানিয়ারচর উপজেলাতেও কর্মসূচি পালিত হওয়ার তথ্য জানিয়েছে সংগঠনগুলো।

খাগড়াছড়ি :

১৯০০ সালের পার্বত্য চট্টগ্রাম শাসনবিধি বাতিলের ষড়যন্ত্রের প্রতিবাদে খাগড়াছড়িতে মানববন্ধন করেছে হেডম্যান ও কারবারিরা।

মঙ্গলবার সকাল দশটায় খাগড়াছড়ি প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে জেলার নয়টি উপজেলার হেডম্যান-কারবারীর পাশাপাশি পাহাড়ি জনগোষ্ঠীর মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, আদালতের মাধ্যমে চিটাগাং হিল ট্র্যাক্টস রেগুলেশন ১৯০০ বাতিলের যড়যন্ত্র চলছে। শাসনবিধিটি বাতিল হলে রাজা-হেডম্যান-কার্বারিদের পদবি বিলোপ এবং পাহাড়িদের প্রথাগত অধিকার হরণ হবে বলে অভিযোগ করা হয়।

মানববন্ধন থেকে অবিলম্বে এ ষড়যন্ত্র বন্ধ করার আহ্বান জানানো হয়।

কর্মসূচিতে বক্তব্য রাখেন অ্যাডভোকেট সুপাল জ্যোতি চাকমা, ধীমান খীসা, কারবারি অ্যাসোসিয়েশনের সভাপতি রনিক ত্রিপুরা, হেডমেন উকজেন মারমা, জম্মু শরণার্থী নেতা সন্তোষিত চাকমা প্রমুখ।

পুরানো খবর: খাগড়াছড়ি ও রাঙামাটিতে বুধবার আধাবেলা অবরোধের ডাক

ইউপিডিএফের ডাকে খাগড়াছড়ি-রাঙামাটিতে চলছে সড়ক অবরোধ