অপারেশন ডেভিল হান্ট: ময়মনসিংহে তৃতীয় দিনে গ্রেপ্তার ২৩
অপারেশন ডেভিল হান্টে এ পর্যন্ত ময়মনসিংহ জেলায় মোট ৩৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
`অপারেশন ডেভিল হান্টের’ তৃতীয় দিনে ময়মনসিংহ জেলা জুড়ে অভিযানে ২৩ জনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী।
সোমবার সকাল থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন পুলিশ সুপার কাজী আখতার উল আলম।
মঙ্গলবার সকালে তিনি বলেন, গ্রেপ্তাররা সবাই আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত এবং বিভিন্ন রাজনৈতিক মামলার আসামি।
তাদের মধ্যে ময়মনসিংহ সদরে ছয়জন, ভালুকা, গফরগাঁও, ফুলবাড়িয়া, ঈশ্বরগঞ্জ, মুক্তাগাছা ও হালুয়াঘাটে দুই জন করে এবং ত্রিশাল, নান্দাইল, গৌরীপুর, পাগলা ও ধোবাউড়ায় একজন করে রয়েছে।
গ্রেপ্তারদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
এছাড়া অপারেশন ডেভিল হান্টে এ পর্যন্ত ময়মনসিংহ জেলায় মোট ৩৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
