২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় দম্পতিকে বেঁধে নলকূপের ঘরের ৩ ট্রান্সফরমার চুরি

চাটমোহর থানার ওসি বলেন, সাইকোলা ইউনিয়নের বোয়ালমারী গ্রামের বিলে এ ঘটনা ঘটে।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Apr 2026, 04:02 PM

Updated : 26 Aug 2026, 03:21 PM

পাবনার চাটমোহর উপজেলায় রাতের আঁধারে এক দম্পতিকে মারধর ও হাত-পা বেঁধে সেচ প্রকল্পের গভীর নলকূপের তিনটি ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে।

চাটমোহর থানার ওসি গোলাম মোস্তফা বলেন, রোববার রাত ১টার দিকে উপজেলার চলনবিল অধ্যুষিত সাইকোলা ইউনিয়নের বোয়ালমারী গ্রামের বিলে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, বোয়ালমারী বিলের ওই গভীর নলকূপটির রক্ষণাবেক্ষণ ও পাহারার দায়িত্বে ছিলেন পাশের ধানকুনিয়া গ্রামের আনিস হোসেন। তিনি স্ত্রীকে নিয়ে রাতের বেলায় নলকূপ সংলগ্ন ঘরে অবস্থান করে তা পাহারা দিয়ে আসছিলেন। 

রাতে ১০-১৫ সশস্ত্র ব্যক্তি ঘরে হানা দিয়ে তাদের বেধড়ক মারপিট করে। একপর্যায়ে দড়ি দিয়ে হাত-পা বেঁধে এবং মুখে স্কচ টেপ লাগিয়ে তাদের ফেলে রাখে। পরে সশস্ত্র ব্যক্তিরা সেখান থেকে তিনটি ট্রান্সফরমার খুলে নিয়ে যায়। 

সকালে স্থানীয় কৃষকরা বিলে কাজ করতে গিয়ে ওই ঘর থেকে গোঙানির শব্দ শুনতে পান। পরে তারা আহত দম্পতিকে উদ্ধার করে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। 

চাটমোহর থানার ওসি গোলাম মোস্তফা বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ভুক্তভোগীদের সঙ্গে কথা বলে বিস্তারিত জানার চেষ্টা চলছে। 

ইরি-বোরো মৌসুমের এই ভরা সময়ে সেচ পাম্পের ট্রান্সফরমার চুরির ঘটনায় স্থানীয় কৃষকদের মধ্যে চরম উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে।