২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনী সীমান্তে ভারতীয় গাঁজা ও মদ জব্দ

এসব মালামাল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা দানের প্রক্রিয়া চলছে, বলছে বিজিবি

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2025, 04:38 PM

Updated : 26 Aug 2026, 01:26 PM

ফেনী সীমান্তে ফের চোরাইপথে আনা ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার করছে বিজিবি।

বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত ফেনীর সীমান্তবর্তী ছাগলনাইয়া ও পরশুরাম এলাকা থেকে গাঁজা ও মদ জব্দ করা হয় বলে জানিয়েছেন বিজিবি-৪ ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন।

বিজিবি বলছে, গোপন সংবাদে বিজিবির নিয়মিত টহল দল ফেনীর সীমান্তবর্তী ছাগলনাইয়া ও পরশুরাম এলাকায় চোরাচালান বিরোধী পৃথক অভিযান চালায়। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা ভারতীয় মাদকদ্রব্য ফেলে পালিয়ে যায়।

পরে তল্লাশি করে সীমান্ত এলাকা দিয়ে চোরাইপথে আনা ৪১ কেজি ভারতীয় গাঁজা, ২৭ বোতল হুইস্কি ও ১২ বোতল বিয়ার জব্দ করা হয়। জব্দ করা মালামালের আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৮৭ হাজার টাকা।

লেফটেন্যান্ট কর্নেল মোশারফ বলেন, জব্দ ভারতীয় মালামাল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।

তিনি বলেন, গত সাত মাসে সীমান্তে সাঁড়াশি অভিযানে সাড়ে ৪২ কোটি টাকার বিপুল পরিমাণ ভারতীয় মাদক ও বিভিন্ন পণ্য জব্দ করা হয়েছে। সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

চিহ্নিত চোরাকারবারীদের তালিকা করে যৌথবাহিনী ও পুলিশের সহায়তায় তাদের আটকের অভিযান পরিচালনা করা হচ্ছে বলেও  মোশারফ জানান।