১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

তিন মাসের মধ্যে ‘হেলথ কার্ড’ বিতরণ: স্বাস্থ্যমন্ত্রী

“এটি একটি বিজ্ঞান সম্মত ডিজিটাল কার্ড; যার মাধ্যমে আপনার শরীরের জিন থেকে শুরু করে কোথায় কোন ডাক্তার দেখিয়েছেন সমস্ত রেকর্ড থাকবে।”

তিন মাসের মধ্যে ‘হেলথ কার্ড’ বিতরণ: স্বাস্থ্যমন্ত্রী
নরসিংদীর মনোহরদীতে প্রধামন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে দুঃস্থদের মাঝে অনুদান বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল।

নরসিংদী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2026, 08:49 PM

Updated : 26 Aug 2026, 03:11 PM

আগামী তিন মাসের মধ্যে জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ‘হেলথ কার্ড’ বিতরণ করার কথা বলেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল।

তিনি বলেছেন, “আগামী তিন মাসের মধ্যে হেলথ কার্ড বিতরণ করা হবে। এটি একটি বিজ্ঞান সম্মত ডিজিটাল কার্ড; যার মাধ্যমে আপনার শরীরের জিন থেকে শুরু করে কোথায় কোন ডাক্তার দেখিয়েছেন সমস্ত রেকর্ড থাকবে। 

“দেশের যেকোনো জায়গায় গিয়ে ডাক্তার দেখালে মুখে কিছুই বলতে হবে না, কার্ড দেখেই ডাক্তার বুঝতে পারবেন আপনার সমস্যার কথা।”

ঈদুল ফিতর উপলক্ষে বুধবার দুপুরে নরসিংদীর মনোহরদী উপজেলা পরিষদ হলরুমে দুঃস্থদের মাঝে মানবিক সহায়তা হিসেবে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে অনুদান বিতরণ অনুষ্ঠানে এসব বলেন তিনি।

বিএনপি নির্বাচনে যা প্রতিশ্রুতি দিয়েছিল, তা বাস্তবায়ন শুরু হয়েছে জানিয়ে সাখাওয়াত বলেন, “আপনারা দেখেছেন ফ্যামিলি কার্ড বিতরণের মাধ্যমে আমরা আমাদের কথা রেখেছি। পর্যায়ক্রমে প্রতিমাসেই আমরা সারা দেশে এ কার্ড বিতরণ করব। 

“কৃষকের কৃষি ঋণের ১০ হাজার টাকা সমুদয় সুদসহ মওকুফ করে দেওয়া হয়েছে। এ ছাড়া আগামী মাসের ভেতরে আপনাদের জন্য কৃষক কার্ড দেওয়া হবে। এভাবে আমরা প্রত্যেকটা মন্ত্রণালয়ে সজাগ দৃষ্টি রেখে কাজ শুরু করছি; যাতে জনগণের উপকার হয়।”

বিগত সরকারের সমালোচনা করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, “গত সরকার সমাজ কল্যাণ মন্ত্রণালয়ে ১০টি টাকাও ফান্ড রেখে যায়নি। তবুও এর মধ্যে প্রত্যেক ইউনিয়নের মসজিদ, মন্দির, গোরস্তানের জন্য আমরা ৩০ লাখ টাকা করে বরাদ্দ করেছি। 

“আমরা মানুষের জন্য কাজ করা শুরু করেছি। আপনারা সহযোগিতা করলে আমরা দুর্নীতি ও মাদকমুক্ত একটি সুন্দর সমাজ উপহার দিতে পারব ইনশাআল্লাহ।”

মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম এ মুহাইমিন আল জিহানের সভাপতিত্বে অনুষ্ঠানে মনোহরদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সজিব মিয়া, ওসি শাহিনুল ইসলাম, উপজেলা বিএনপির সদস্যসচিব আমিনুর রহমান সরকার দোলন, উপজেলা যুবদলের সদস্যসচিব মাসুদুর রহমান সোহাগ এবং উপজেলা বিএনপির সদস্য মোস্তফা মিয়া উপস্থিত ছিলেন।

পরে মন্ত্রী উপজেলার ২৮২ জন দুঃস্থ ও গরীব মানুষের মাঝে ঈদের অনুদান বিতরণ করেন।