২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুড়িগ্রামে নারীকে মারধরের অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

যুবদল নেতা বলেন, ওই নারীকে আমি মারিনি বরং তিনি গায়ের উপর পড়েছিলেন; আমি সরিয়ে দিয়েছি।

কুড়িগ্রাম প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2024, 09:47 PM

Updated : 10 Sep 2026, 12:17 PM

কুড়িগ্রামের চিলমারী উপজেলা যুবদলের এক নেতার বিরুদ্ধে ষাটোর্ধ্ব নারীকে মারধরের অভিযোগ উঠেছে। 

এ ঘটনায় ভুক্তভোগী নারীর ছেলে বাদী হয়ে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রেজাউল করিমের বিরুদ্ধে রোববার চিলমারী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন বলে ওসি প্রাণকৃষ্ণ দেবনাথ বলেন। 

এর আগে শনিবার বিকালে উপজেলার থানাহাট ইউনিয়নের মজিদের পাড় এলাকায় এ ঘটনা ঘটে। 

ঘটনার শিকার ওই নারী বলেন, বিকালে ছেলেকে খুঁজতে তিনি ওই এলাকার পাম্পের মোড়ে গিয়েছিলেন। বাড়ি ফেরার পথে রেজাউল তার পথরোধ করে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন। একপর্যায়ে ওই নারীকে ধাক্কা মারলে পাশে থাকা বেঞ্চের উপর পড়ে যান। এরপর রেজাউল তাকে চড়-থাপ্পড় মারে। 

তখন ওই নারীর ছেলে ও ছেলের বউ এগিয়ে গেলে তাদেরও চড়-থাপ্পড় মারতে থাকেন রেজাউল করিম। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে বাড়িতে পৌঁছে দেন।

স্থানীয় আমিনুল, জব্বার আলী, হাফিজুর, মিলন মিয়া, জামালসহ অনেকেই বলেন, রেজাউল করিম দলের ক্ষমতা দেখিয়ে এলাকায় অনেকের সঙ্গেই খারাপ আচরণ করছেন। তার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগও পাওয়া যাচ্ছে। জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ওই নারীর ওপর হামলার ঘটনা ঘটেছে বলেও জানায় এলাকাবাসী।

তবে অভিযোগ অস্বীকার করে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম বলেন, “ওই নারীকে আমি মারিনি বরং তিনি আমার গায়ে উপর পড়ে ছিলেন; আমি সরিয়ে দিয়েছি। আমাকে হেনস্তা করতে এমন অভিযোগ তোলা হচ্ছে।”

উপজেলা যুবদলের সদস্যসচিব রহুল আমিন জিয়া বলেন, “বিষয়টি খুবই দুঃখজনক। যুবদলের নাম ভাঙিয়ে কেউ কোনো অপকর্ম করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।” 

চিলমারী মডেল থানার ওসি প্রাণকৃষ্ণ দেবনাথ বলেন, “অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।”