ময়মনসিংহে স্কুলছাত্রীর সামনে অশ্লীল অঙ্গভঙ্গির ভিডিও, যুবক গ্রেপ্তার
ভিডিওতে দেখা যায়, নগরীর নতুন বাজার এলাকার আফরোজ খান মডেল স্কুলের পিছনের নির্জন গলি ধরে দুই ছাত্রী হেঁটে যাচ্ছে।
ময়মনসিংহ নগরীতে দুই স্কুল ছাত্রীর সামনে অশ্লীল অঙ্গভঙ্গির অভিযোগে সিরাজগঞ্জ থেকে এক যুবককে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।
বুধবার বিকালে অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল্লাহ আল মামুন এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, সকালে সিরাজগঞ্জের এনায়েতপুর থানা এলাকা থেকে ওই যুবককে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মাহমুদুল হাসান (৪৫) সিরাজগঞ্জের বেলকুচি থানার আজুগড়া দক্ষিণপাড়া এলাকার বাসিন্দা।
এ ঘটনায় ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, নগরীর নতুন বাজার এলাকার আফরোজ খান মডেল স্কুলের পিছনের নির্জন গলি ধরে দুই ছাত্রী হেঁটে যাচ্ছে। এক যুবক তাদের সামনে গিয়ে লুঙ্গি তুলে অশ্লীল অঙ্গভঙ্গি করছেন। ছাত্রীরা মাথা নিচু করে চলে যেতে চাইলে ওই যুবকও তাদের পিছু নেন।
এ ঘটনার সিসিটিভি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ালে নগরবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। এরপর ঘটনাটি নিয়ে জেলা গোয়েন্দা পুলিশ তদন্ত শুরু করে। তারা সিসিটিভি ভিডিও বিশ্লেষণের মাধ্যমে যুবকের পরিচয় নিশ্চিত হয়।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন।
